৩২ বছর পূর্তিতে ৩২ দিনের পাঠক উৎসব
রাজধানীর দনিয়া পাঠাগারের ৩২ বছর পূর্তি উপলক্ষে ৩২ দিনব্যাপী পাঠক উৎসব উদ্যাপিত হতে যাচ্ছে। আগামী বুধবার (৩০ জুন) থেকে ৩১ জুলাই পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হবে।
২৬ জুন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ, দনিয়া সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এইচ আর অনিকসহ পাঠাগারের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
এই উৎসব ঘিরে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে দনিয়া পাঠাগার। এর মধ্যে রয়েছে ১০০ জন নতুন পাঠক তৈরি, অনলাইন পাঠচক্র, সেমিনার, পাঠক উৎসব।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া পুরো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন দেশের বরেণ্য সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিজন। একজন আবৃত্তিশিল্পী ও একজন গবেষককে সম্মাননা দেওয়া হবে ৩১ জুলাই শনিবার বিকেল ৫টায়।
১৯৮৯ সালের ২৮ জুলাই ঢাকার দনিয়ায় প্রতিষ্ঠিত হয় দনিয়া পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে বই পড়ার অভ্যাস তৈরি ও সুস্থ ধারার সংস্কৃতিচর্চার বিস্তারে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস পালন ও সমাজসেবামূলক কাজে ভূমিকা রাখে দনিয়া পাঠাগার। ২০১৭ সালে নিজস্ব ভবন ও স্টুডিও থিয়েটার হল নির্মাণ করে পাঠাগারটি। বর্তমানে এর পাঠক সদস্যসংখ্যা পাঁচ শতাধিক। বিগত ৩২ বছরে বই পড়ার পাশাপাশি সংস্কৃতিচর্চাকেও গুরুত্ব দিয়ে এসেছে দনিয়া পাঠাগার।