৩২ বছরেও ভবন পায়নি বিদ্যালয়টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিমালিকানার এই ভবনের নিচতলায় চলছে রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম l প্রথম আলো
ব্যক্তিমালিকানার এই ভবনের নিচতলায় চলছে রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের কার্যক্রম l প্রথম আলো

১৯৮২ সালে রাজশাহী নগরের খাদেমুল ইসলাম উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়। কয়েক দফা ভাড়াবাড়ি বদলে নগরের আহম্মদপুরে এখন কার্যক্রম চালাচ্ছে বিদ্যালয়টি। ২০০৯ সালে একটি বাড়ি বরাদ্দ পেলেও দখল না পাওয়ায় ৩২ বছর ধরেই ভেসে বেড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয় থেকে জানা গেছে, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা কল্পনা রায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সুপারিশ নিয়ে রাজশাহী জেলা পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে পরিত্যক্ত একটি বাড়ির জন্য আবেদন করেন। বোর্ড ২০০৯ সালের মে মাসে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়কে বাড়িটি বরাদ্দ দেয়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দখল বুঝে দেওয়ার জন্য বোর্ডের সদস্যসচিব তথা গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়। এ সময় তারা জানতে পারে বাড়িটি আগে থেকেই দখল হয়ে গেছে। এরপর প্রায় চার বছর হলেও বাড়িটির দখল পায়নি প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়কে দেওয়ার খবর শুনে বাড়ির দখলদার দুরুল হুদা বাড়িটি ব্যক্তিমালিকানাধীন দাবি করে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।
বর্তমান প্রধান শিক্ষক জান্নাতুন নাহার জানান, খাদেমুল ইসলাম উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে প্রতিবন্ধী বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। যাত্রার এক মাস পর রাজশাহী মহিলা শিল্পপ্রতিষ্ঠান তাঁদের একটি কক্ষ ব্যবহার করার অনুমতি দেয়। ওই বছরই অক্সফামের একটি প্রতিনিধিদল রাজশাহী মহিলা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে এসে বিদ্যালয়ের কার্যক্রম দেখে খুশি হয়। অক্সফামের কান্ট্রি ডিরেক্টর এ বিদ্যালয়ে ৫০ হাজার টাকা অনুদান দিলেন। তা দিয়ে নগরের সিপাইপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে কিছু আসবাব কেনা হলো। এখানেই নিজেদের মতো করে চালু হয় রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়।
ইতিমধ্যে আরও দুবার বাড়ি বদলে নগরের আহম্মদপুরে বর্তমান ঠিকানায় নিয়ে আসা হয়। এ সময় বিদ্যালয়ের কার্যক্রম চালানোর খরচ দিয়েছে এনএফপিইউ। ২০০০ সাল থেকে তারাও আর্থিক সহায়তা বন্ধ করে দেয়। এরপর বিদ্যালয়টি নিয়ে শিক্ষকেরা যেন ভেসে বেড়াতে লাগলেন। এ সময় বিদ্যালয়ের বর্তমান বাড়িটির মালিক মঞ্জুরা মমতাজ তাঁর পাশে দাঁড়ান। তিনি তাঁর নিজের বাড়ির নিচতলা বিদ্যালয়ের জন্য ছেড়ে দিলেন এবং আশ্বাস দিলেন, যত দিন টাকার জোগাড় না হয়, তত দিন তাঁকে ভাড়া দিতে হবে না। তাঁকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন প্রবাসী মোস্তাক আহাম্মদ। তিনি প্রতি মাসে চার হাজার টাকা করে বাড়িভাড়া বহন করতে শুরু করেন। সপুরা সিল্ক লিমিটেডের মালিক সদর আলী তাঁদের আরও একটি কক্ষের ভাড়া বহন করেন। আগে শিক্ষকেরা কোনো বেতন ছাড়াই কাজ করেছেন।
২০১০ সালে সরকারিভাবে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হয়। কিন্তু বর্তমানে ঘরভাড়া ও আনুষঙ্গিক খরচ চালানোর আর কোনো সংস্থান নেই। প্রবাসী মোস্তাক আহাম্মদও অনুদান বন্ধ করে দিয়েছেন। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে কল্পনা রায় অবসরে চলে যাওয়ার পর আর সপুরা সিল্কের মালিক সদর আলীও তাঁর সহায়তা বন্ধ করে দিয়েছেন।
এখন শিক্ষক-কর্মচারী সাতজন। বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী এখন ৫২ জন। গৃহভিত্তিক শিক্ষার্থী আছে ৬০ জন। বিদ্যালয়টি পরিচালনা করার জন্য ঢাকায় জাতীয় পর্যায়ে সোসাইটি ফর দি ইনটেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড (সুইড) নামে একটি কার্যনির্বাহী কমিটি আছে। শিক্ষার্থীদের নিয়মিত বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এর সঙ্গে ভয়েসথেরাপি ও ফিজিওথেরাপি দেওয়া হয়। এতে করে যারা কথা বলতে পারত না, তারা এখন কথা বলতে পারে। তারা খেলাধুলা, নাচগান, আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। তারা দেশে ও দেশের বাইরে অনেক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিবছর ঢাকায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার নিয়ে আসছে।
২০১০ সালের জুনে এ বিদ্যালয়ের ছাত্র হামীম আবদুল্লাহ ও ইয়াসিন আলী গ্রিসে স্পেশাল অলিম্পিক গেমসে অংশ নিয়ে দলের হয়ে স্বর্ণপদক লাভ করে। ২০০৭ সালে বাংলাদেশ থেকে বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেমেয়েদের একটি দল চীনের সাংহাইতে যায়। এ দলে রাজশাহী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিল। এ বিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউনুল হক ৪০০ মিটার রিলে রেসে অংশ নিয়ে ব্রোঞ্জপদক পায়। এ বিদ্যালয়ের প্রথম ছাত্র তৌহিদ হাসান এখন ব্যবসা করছেন। তাঁর একটি দোকান আছে। তিনি স্বনির্ভর ও সুখী দাম্পত্য জীবন যাপন করছেন। বিদ্যালয়ের ছাত্র নূর ই কবীর সিফা এখন রাজশাহী সিটি করপোরেশনে চাকরি করছেন। আরিফুল ইসলাম রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে চাকরি করছেন।
এত সফলতা আর এত অর্জনের পরও একটি স্থায়ী ঠিকানা না জোটায় হতাশ প্রধান শিক্ষক জান্নাতুন নাহার বলেন, এখন তাঁদের প্রতি মাসে চার হাজার টাকা ঘরভাড়া লাগে। দুই হাজার টাকা আনুষঙ্গিক খরচ হয়। এ টাকা দেওয়ার কোনো উপায় নেই। বাচ্চাদের বেতন দুই হাজার টাকার বেশি আসে না। বাকি টাকার আর কোনো সংস্থান নেই।
প্রতিষ্ঠানের সভাপতি রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি তিনি জানেন। তাদের বিকল্প একটা জায়গা ঠিক করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে দায়িত্ব দেওয়া হয়েছে।