৩২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার
মিয়ানমারের কারাগারে সাজা ভোগ করা ৩২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও মিয়ানমারের জাতীয় অভিবাসন সংস্থার মধ্যে এক পতাকা বৈঠক শেষে গতকাল মঙ্গলবার সকালে তাঁদের ফেরত দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের মংডু শহরে গতকাল সকালে বিজিবির একটি প্রতিনিধিদলের সঙ্গে দেশটির অভিবাসন সংস্থার প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪২ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর নাজমুস সাদাত। মিয়ানমারের পক্ষে ছিলেন মংডু অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা উ থোন থোন। বৈঠকে কক্সবাজারের জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেলা একটার দিকে দেশটিতে বিভিন্ন অপরাধে সাজা ভোগ করা ৩২ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি প্রতিনিধিদলটি টেকনাফ ফেরত এসে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করে। এঁদের মধ্যে টেকনাফের ১৫ জন, কক্সবাজার সদরের ছয়জন, চকরিয়ার তিনজন, চট্টগ্রামের ছয়জন ও বগুড়ার দুজন।
বগুড়ার শিবগঞ্জের মো. আবদুর রাজ্জাক জানান, ২০১১ সালের সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৯৬ জন যাত্রীসহ একটি ট্রলার বিকল হয়ে যায়। এ সময় ট্রলারে নরসিংদীর একজন যাত্রী মারা গেলে তাঁকে সাগরে ফেলে দেওয়া হয়। ছয় দিন সাগরে ভাসমান থাকার পর মিয়ানমার নৌবাহিনী তাঁদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। মিয়ানমারের বুচিদং ও আকিয়াব কারাগারে আরও দুই শতাধিক বাংলাদেশি নাগরিক রয়েছেন।
২৭ মাস সাজা খাটা টেকনাফের নাইট্যংপাড়ার জাবের আলম জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় ঝড়ের কবলে পড়লে ছয়জন জেলেসহ নৌকাটি মিয়ানমার জলসীমানা অতিক্রম করলে মিয়ানমারের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী নাসাকা তাঁদের ধরে বিভিন্ন মেয়াদে সাজা দেয়।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, সম্প্রতি মিয়ানমার বাংলাদেশি বন্দীদের একটি তালিকা বিজিবির কাছে পাঠায়। তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর পর যাচাই-বাছাই করে ওই ৩২ জনকে দেশে আনার অনুমতি দেওয়া হয়। জেলা প্রশাসক ও পুলিশের প্রতিনিধিসহ মিয়ানমারে গিয়ে বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত আনা হয়েছে।