৩২ বিদ্যালয় কলেজে উন্নীত
বরিশাল বিভাগের পাঁচটি জেলায় গত ছয় মাসে ৩২টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চমাধ্যমিক (কলেজ) প্রতিষ্ঠানে উন্নীত করা হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় সর্বোচ্চ ১০টি বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হয়েছে বলে বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, কলেজে উন্নীত হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বরিশালের ছয়টি, ঝালকাঠির সাত, ভোলার দুই, পিরোজপুরের সাত ও বরগুনার দশটি। এর মধ্যে গত ১৮ জুন কলেজ মঞ্জুরি কমিশনের সপ্তম সভায় ১৮টি মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়। বাকি ১৪টি বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হয় গত নভেম্বর ও ডিসেম্বরে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালে বরিশাল জেলার ছয়টি স্কুল কলেজে উন্নীত হয়েছে। এগুলো হলো কাশিপুর স্কুল অ্যান্ড কলেজ, লেংগুটিয়া স্কুল অ্যান্ড কলেজ, কেজি এস স্কুল অ্যান্ড কলেজ, সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ, পয়সা স্কুল অ্যান্ড কলেজ ও আশকর-কালীবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।
ঝালকাঠির সাতটি প্রতিষ্ঠান হলো খায়েরহাট স্কুল অ্যান্ড কলেজ, সখিনাপুর-কৃষ্ণকাঠি স্কুল অ্যান্ড কলেজ, নলবুনিয়া মহব্বত আলী স্কুল অ্যান্ড কলেজ, নলছিটি বালিকা স্কুল অ্যান্ড কলেজ, নলছিটি মার্চেন্ট স্কুল অ্যান্ড কলেজ, কানাই স্কুল অ্যান্ড কলেজ ও আমুয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজ। কলেজে উন্নীত হওয়া ভোলার প্রতিষ্ঠান দুটি হলো রামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও পাংশা স্কুল অ্যান্ড কলেজ। পিরোজপুরের জিন্নাত আলী স্কুল অ্যান্ড কলেজ, পারেরহাট রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজ, কাউখালী স্কুল অ্যান্ড কলেজ, সিনখালী স্কুল অ্যান্ড কলেজ, আলামকাঠি হাজী ইব্রাহীম স্কুল অ্যান্ড কলেজ, পূর্ব জলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, সেহাংগল স্কুল অ্যান্ড কলেজ; বরগুনা জেলার প্রতিষ্ঠানগুলো হলো সদরের গর্জনবুনিয়া স্কুল অ্যান্ড কলেজ, নলী মুসলিম স্কুল অ্যান্ড কলেজ, রোডপাড়া স্কুল অ্যান্ড কলেজ; পাথরঘাটার কাঁকচিড়া স্কুল অ্যান্ড কলেজ, কাঁঠালতলী স্কুল অ্যান্ড কলেজ, কালমেঘা স্কুল অ্যান্ড কলেজ, চরদুয়ানি স্কুল অ্যান্ড কলেজ, কিরণপুর স্কুল অ্যান্ড কলেজ; বেতাগীর চান্দখালী ইসহাক স্কুল অ্যান্ড কলেজ ও কদমতলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন প্রথম আলোকে জানান, শিক্ষার মানোন্নয়নের জন্য স্কুলগুলোকে কলেজে উন্নীত করা হয়েছে। তা ছাড়া শিক্ষার্থী বাড়লেও প্রতিষ্ঠান বাড়ছে না। ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক শিক্ষা পাচ্ছে না। এ কারণে কলেজের সংখ্যা বাড়ানো হচ্ছে।