জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর গত বৃহস্পতিবারের সহিংসতার ঘটনায় ১৫ জেলায় ৩২টি মামলা হয়েছে। এসব মামলায় জামায়াতের বর্তমান একজন সাংসদ ও সাবেক দুজন সাংসদসসহ জামায়াত-শিবিরের ৫৭ হাজার ২০৮ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১২০ জনকে।ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: নগরে গত বৃহস্পতিবার জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের করা ওই দুটি মামলায় অন্তত দুই হাজার ৮০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন জানান, দুটি মামলাতেই নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম এবং জামায়াতের নেতা সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার আটক ১৮ জামায়াত-শিবির কর্মীকে মামলা দুটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা সূত্র জানায়, নগরের নিউমার্কেট এলাকায় তাণ্ডবের ঘটনায় উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেন। কাজির দেউড়ি থেকে চট্টেশ্বরী সড়ক এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে তাণ্ডবের ঘটনায় এসআই মো. মফিজ জামায়াত-শিবিরের ৭০০ থেকে ৮০০ কর্মীকে আসামি করে পৃথক মামলা করেন। গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে পুলিশ হত্যা, থানায় হামলা ও আগুন দেওয়ার ঘটনায় গতকাল সুন্দরগঞ্জ থানায় দুটি মামলা করেছে পুলিশ। মামলায় জামায়াতের নেতা ও স্থানীয় সাবেক সাংসদ আবদুল আজিজসহ ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। ওসি মনজুর রহমান মামলা ও আসামির সংখ্যার বিষয়টি নিশ্চিত করেন।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানায় পৃথক দুটি মামলায় জামায়াত-শিবিরের ৭৫ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।রাজশাহী: রাজশাহী নগরসহ তিনটি উপজেলায় সহিংসতার ঘটনায় ছয় থানায় পৃথক ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ১৮৯ ব্যক্তির নাম উল্লেখ করে অন্তত তিন হাজার ৯৭৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নগরের মতিহার, বোয়ালিয়া ও রাজপাড়া থানায় পুলিশ তিনটি মামলা করে। এ ছাড়া বাঘা, চারঘাট ও গোদাগাড়ী থানায় অন্য তিনটি মামলা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব মামলার সত্যতা নিশ্চিত করেন।লালপুর (নাটোর): লালপুরে তাণ্ডবের ঘটনায় গতকাল লালপুর থানায় দুটি মামলা হয়েছে। ওসি মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৮৫ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ছাড়া সহিংসতায় নিহত যুবলীগের নেতা খায়রুল ইসলামের ভাই শাহিনুর রহমান বাদী হয়ে ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে পৃথক মামলা করেন। দিনাজপুর: জেলা সদরের রামডুবি এবং চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। মামলায় জামায়াত-শিবিরের পাঁচ হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ: পুলিশের ওপর হামলার অভিযোগে চাঁপাইনবাবাগঞ্জ সদর থানায় তিনটি ও ভোলাহাট থানায় একটি মামলা করেছে পুলিশ। সদর থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, একটি মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে দুই থেকে তিন হাজার ব্যক্তি, দ্বিতীয় মামলায় ৩০ ব্যক্তির নাম উল্লেখ করে ছয় থেকে সাত হাজার জন এবং শেষ মামলায় ৫৪ ব্যক্তির নাম উল্লেখ করে ছয় থেকে সাত হাজার জনকে আসামি করা হয়েছে। সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভোলাহাট থানায় করা পৃথক মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জামায়াত-শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পীরগাছা (রংপুর): জামায়াতের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় জামায়াত-শিবিরের এক হাজার ৫৭২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাম্বুলপুর ও পাওটানা বাজারে জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয় ও আওয়ামী লীগ সমর্থকদের অন্তত ২০টি দোকান ভাঙচুর করে। চাঁদপুর: চাঁদপুরে সহিংসতার ঘটনায় গতকাল শুক্রবার সাত ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ ওই মামলা করে। এ ঘটনায় সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় বৃহস্পতিবার পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কচুয়া থানার ওসি গোবিন্দ গোপাল বিশ্বাস জানান, শুক্রবার উপজেলার মাধবকাঠি ও শিয়ালকাঠি এলাকা থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ২৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া বাগেরহাট শহরে সহিংসতার ঘটনায় মামলা করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর: বৃহস্পতিবারের সহিংসতার ঘটনায় গতকাল বিকেলে লক্ষ্মীপুর সদর থানায় জামায়াত-শিবিরের ১৪ ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।বিয়ানীবাজার (সিলেট): সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে সহিংসতার ঘটনায় জামায়াত-শিবিরের অন্তত ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগরে জামায়াত-শিবিরের ৩৩ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।কুষ্টিয়া: মেহেরপুরে সহিংসতার ঘটনায় পুলিশ ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেছে। মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান, মেহেরপুর পৌর আমির মাহাবুব আলম ও শিবির কর্মী মো. সবুরকে আটক করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবায় ৩২ ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। গাজীপুর: বৃহস্পতিবারের সহিংসতার ঘটনায় জয়দেবপুর, টঙ্গী ও কালীগঞ্জ থানায় তিনটি মামলায় জামায়াত-শিবিরের আট শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা মামলার বিষয়টি জানান।