৩২ লাখ গাছের শ্বাসমূলীয় বন ধ্বংসের পাঁয়তারা
ভোলার চরফ্যাশন উপকূলে কুকুরি রেঞ্জের চর দীঘলের শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বনে ৩২ লাখ গাছ আছে। দুর্বৃত্তরা গাছ কেটে বন উজাড় করে ফেলছে। বনটি দুর্বৃত্তদের কবজায় চলে যাওয়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। এ ব্যাপারে বন বিভাগ ও পুলিশ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন তাঁরা।বন বিভাগ সূত্র জানায়, ভোলা ও পটুয়াখালী জেলার সীমান্তবর্তী এলাকায় বুড়া গৌরাঙ্গ নদের মধ্যে একটি নতুন চর জেগে ওঠে। ওই চরের নাম ভোলাবাসী দেয় ‘চর দীঘল’। আর পটুয়াখালীবাসী নাম দেয় ‘নিউ চর বেস্টিন’। ভোলা বন বিভাগের কুকুরিমুকুরি বিট কার্যালয়ে চর দীঘলে নীতিমালা অনুসারে, ২০০২-০৩ অর্থবছর থেকে এ পর্যন্ত ওই বনে ৬৪৩ হেক্টরে বনায়ন করা হয়। অন্যদিকে, পটুয়াখালী বন বিভাগের চর বেস্টিন বিট কার্যালয় নিউ চর বেস্টিনে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত ২০৫ হেক্টর বনায়ন করার কথা। কিন্তু তারা ৭০ হেক্টরে বনায়ন করতে পেরেছে। বাকি জমি উপযুক্ত না হওয়ায় বনায়ন করা সম্ভব হয়নি বলে দাবি করেছে চর বেস্টিন বিট কার্যালয়। এ দুটি বাগানের প্রতি হেক্টরে বনায়ন করতে তিন হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। এক হেক্টরে গাছ আছে চার হাজার ৪৪৪টি। এসব গাছ বড় করতে প্রতিবছর হেক্টরপ্রতি খরচ হচ্ছে আরও ৯৮০ টাকা। সে হিসাবে, চর দীঘলে ও নিউ চর বেস্টিনে ৭১৩ হেক্টর জমিতে ৩১ লাখ ৬৮ হাজার ৫৭২টি গাছ ছিল। এ ছাড়া ওই বনে পরীক্ষামূলক লক্ষাধিক সুন্দরী, গেওয়া, কেউড়া ও বাইনগাছ লাগানো হয়েছে। বন বিভাগের দাবিমতে, ভোলা-পটুয়াখালীর সীমানাবিরোধ নিয়ে ২০০৫ সাল থেকেই সংঘাত চলছে। সীমানা নির্ধারণের পর ২০০৬ সালে পটুয়াখালীর জেলা প্রশাসক ওই বনে গলাচিপার ৯০০ ভূমিহীনকে এক হাজার ২০০ একর জমি বন্দোবস্ত দেন। ওই জমি বাসযোগ্য দূরের কথা, আবাদযোগ্যও হয়নি। কিন্তু ওই জমি দখল করার জন্য ভূমিহীনেরা বারবার বনে হামলা করে বন উজাড় করছে। আর বন বিভাগ এ বিরোধ না মিটিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, প্রায়ই গলাচিপার ভূমিহীনেরা কুকুরি রেঞ্জের চর দীঘলে এবং চর মন্তাজ রেঞ্জের নিউ চর বেস্টিনে হামলা চালাচ্ছে। ২০০৮ সালে একবার হামলা করে তারা বনের ছয়-সাত হাজার গাছ কেটে ফেলে। বন বিভাগ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়নি। কিন্তু এ বছর বন বিভাগ ছিল উদাসীন। বন বিভাগের দেওয়া তথ্যমতে, দুর্বৃত্তরা গত ২৩ জুন ভোর থেকে চর দীঘলের দুটি বাগানের ৪৫ একরের কমপক্ষে ৩৫ হাজার ছোট-বড় গাছ এবং চর বেস্টিন বিটের প্রায় পাঁচ একরের সাত-আট হাজার গাছ কেটে ফেলেছে। ২৪ জুন সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক দিনে এত গাছ কাটা সম্ভব নয়। তাই গাছগুলো ২৩ জুন নয়, আরও আগে অর্থাৎ ২০-২১ জুন থেকে কাটা শুরু হয়। এ ব্যাপারে চর বেস্টিন বিট কার্যালয় গত শনিবার রাঙ্গাবালি থানায় একটি মামলা করলেও কুকুরিমুকুরি বিট গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো মামলা করেনি। মোবাশ্বির উল্লাহ চৌধুরী, এস এম বাহাউদ্দিন, আবদুর রাজ্জাকসহ একাধিক পরিবেশকর্মী বলেন, ভোলা বন বিভাগ খবর পাওয়ামাত্র কেন চরফ্যাশন থানা-পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয়নি! কুকুরি বনের পাশেই তো চরফ্যাশন দক্ষিণ আইচা-কচ্ছপিয়া এলাকায় পুলিশ ও কোস্টগার্ডের ক্যাম্প রয়েছে। সেখান থেকে এক-দেড় ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো যেত। তাহলে এত গাছ কাটা পড়ত না। পরিবেশকর্মীরা আরও বলেন, এসব ঘটনায় বোঝা যাচ্ছে বন রক্ষায় বন বিভাগের কোনো উদ্যোগই নেই।চর কুকুরি রেঞ্জার মাসুদ সর্দার বলেন, ‘কুকুরি রেঞ্জের আওতায় প্রায় ২৮ হাজার একর জমিতে বনায়ন করা আছে। এ বনে কয়েক হাজার হরিণসহ বন্য প্রাণী আছে। কিন্তু বনপ্রহরী আছেন মাত্র দুজন। তাঁরা বৃদ্ধ ও হাতিয়ারহীন। চর বেস্টিন বিট ইচ্ছে করেই বিলম্বে খবর দিয়েছে। খবর শোনামাত্র গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গাছ কাটা বন্ধের ব্যবস্থা নিতে বলেছি। কিন্তু তিনিও সময়মতো ব্যবস্থা নেননি।’চর মন্তাজ রেঞ্জার দেবদাস মুখার্জি ও চর বেস্টিন বিট কর্মকর্তা মো. জাকির হোসেন দাবি করেন, ‘তাঁরা জরুরি কাজে পটুয়াখালীতে গিয়েছিলেন। আসতে দেরি হওয়ায় ওই দিন ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এ জন্য কুকুরি রেঞ্জারকে খবরটা জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য এবং পুলিশও পাঠিয়েছেন।রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, ‘আমাকে দুপুর একটার সময় খবরটি জানানো হয়েছে। তাৎক্ষণিক আমি পুলিশ পাঠিয়েছি।’উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদ আলী বলেন, ‘চর দীঘলের বন রক্ষায় আমাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু বন বিভাগের লোকজন নেই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাহায্য চেয়ে ব্যর্থ হচ্ছি। অন্যদিকে আমাদের বন বিভাগের কর্মকর্তারাও ভূমিহীনদের সঙ্গে আঁতাত করেছেন বলে শুনেছি। আমরা সে ব্যাপারে ওপরে লিখেছি। এখন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহায়তা না করলে ওই বনের ৩২ লাখ গাছ ধ্বংস হয়ে যাবে।’ভোলার পুলিশ সুপার বশির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ যাবে বন বিভাগ নয় তো ম্যাজিস্ট্রেটের সঙ্গে। আমি দুর্বৃত্তদের হাত থেকে বন রক্ষায় সে রকম নির্দেশ দিয়েছি। কিন্তু বন বিভাগ সেভাবে পুলিশকে ব্যবহার করতে পারেনি। তাদের অলসতা আছে।’