নওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক প্রায় চার বছর ধরে বেতন পাচ্ছেন না। এ অবস্থায় ওই শিক্ষকেরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
নিয়ামতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু ওই সময় বিভিন্ন কারণে সারা দেশে ৩০টি বিদ্যালয় জাতীয়করণ হওয়া থেকে বঞ্চিত হয়। এই বিদ্যালয়গুলোর মধ্যে নিয়ামতপুরেরও আটটি বেসরকারি বিদ্যালয় রয়ে যায়। এরপর থেকে নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় হিসেবে ওই আট বিদ্যালয়ের শিক্ষকেরা যে বেতন পেতেন, তাও বন্ধ হয়ে যায়। পরে চলতি বছরের ১৭ আগস্ট ওই বিদ্যালয়গুলোকে গেজেটভুক্ত (জাতীয়করণ) করা হয়। কিন্তু শিক্ষক পদগুলো এখনো গেজেটভুক্ত হয়নি। ফলে ওই আট বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক আজও বেতন-ভাতা পাননি। ৪৫ মাস ধরে তাঁদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।
এই বিদ্যালয়গুলো হচ্ছে আক্কেলপুর, বৈরকুড়ি, ধানসা, জয়পুর আদর্শ, হরশৈল, সন্তোষপাড়া, উষ্টিপাড়া ও পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, ২০১৩ সালে নিয়ামতপুরে কর্মরত উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার গোস্বামীর দুর্নীতির কারণে তাঁদের বিদ্যালয়গুলো জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। ওই শিক্ষা কর্মকর্তা ঘুষ না পেয়ে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে না পাঠানোয় বিদ্যালয়গুলো আর তখন জাতীয়করণ হয়নি।
ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এই আট বিদ্যালয়ের শিক্ষকেরা তখন নিয়ামতপুরে কর্মরত উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার গোস্বামীকে উৎকোচ না দেওয়ায় আমাদের বিদ্যালয়ের কাগজপত্র যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাননি। উৎকোচ না পেয়ে আমাদের কাগজপত্রের বিভিন্ন ত্রুটি দেখিয়ে কালক্ষেপণ করেন।’ তিনি আরও বলেন, ক্যাটাগরির মধ্যে না পড়েও শুধু টাকার বিনিময়ে নিবন্ধনহীন ঝাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে ঠাঁই পায়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে তদন্ত করে সেই বিদ্যালয়ের নাম বাদ দেওয়া হয়।
উষ্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাহার আলী বলেন, ‘আমরা ৪৫ মাস অর্থাৎ তিন বছর নয় মাস যাবৎ কোনো বেতন-ভাতা পাই না। আমাদের সংসার চলছে না। সন্তানদের লেখাপড়া চলছে না। অভাবের তাড়নায় কোনো কোনো শিক্ষক মজুরির কাজও করছেন। অথচ সরকার এখন শিক্ষকদের বেতন প্রায় দ্বিগুণ করেছে। শুধু তৎকালীন দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তা ও কিছু দালালের কারণে আমরা ৩২টি পরিবার মানবেতর জীবনযাপন করছি।’
এদিকে তৎকালীন নিয়ামতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার গোস্বামী বর্তমানে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ সম্পর্কে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ কাজে কোনো ঘুষ বা দুর্নীতির প্রশ্নই আসে না। স্কুল নির্বাচনের ক্ষেত্রে সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা নিয়ে একটি বাছাই কমিটি ছিল। তাঁদের সমন্বয়ে সরকারি বিধি অনুযায়ী সব কাজ সম্পন্ন করা হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘ওই সময় আমি চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলাম। আমি এখানে আসার পর চলতি বছরের ১৭ আগস্ট ওই বিদ্যালয়গুলোকে সরকারি গেজেটভুক্ত করা হয়। এখন এ বিদ্যালয়গুলোর ৩২ জন শিক্ষক গেজেটভুক্ত হলেই তাঁদের দুঃখের দিন শেষ হবে। ইতিমধ্যে তাঁদের কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি, এ বছরের শেষের দিকে ওই শিক্ষকেরা বেতন-ভাতা পেতে শুরু করবেন।’