৩২ শিক্ষার্থী পিছিয়ে পড়ছেন এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মঙ্গলবার ওয়ালীনেওয়াজ খান কলেজের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শনিবার গুরুদয়াল কলেজের ৩২ জন পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নিয়ে বের করে দেওয়া হয়

কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজ পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন নেওয়ার অভিযোগে গুরুদয়াল সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ৩২ জন পরীক্ষার্থীকে বের করে দেওয়া হয়েছে। তবে ওই পরীক্ষার্থীরা বলছেন, এ দুটি কলেজের দ্বন্দ্বের কারণে তাঁদের ফাঁসানো হয়েছে।

কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ভুক্তভোগী শিক্ষার্থীসহ গুরুদয়াল কলেজের শিক্ষার্থীরা ওয়ালীনেওয়াজ খান কলেজে তাঁদের পরীক্ষার কেন্দ্র বাতিলের দাবি জানিয়েছেন। এ দাবিতে গতকাল রোববার তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সেখানেও একই কর্মসূচি পালন করেন। সেখানে কলেজটির অধ্যক্ষসহ শিক্ষকেরা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়ার কক্ষে যান।
কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল হক বলেন, ‘গত মঙ্গলবার ওয়ালীনেওয়াজ খান কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনের মাধ্যমে নকল করার সময় ধরে ফেলে গুরুদয়াল কলেজের এক শিক্ষক বহিষ্কার করেন। এর জের ধরে গত শনিবার আমাদের কলেজের ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের ৩২ জন শিক্ষার্থীর উত্তরপত্র জমা নিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এদিন বিজনেস কমিউনিকেশন বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে কথিত মুঠোফোন সঙ্গে রাখার অপরাধে ওয়ালীনেওয়াজ খান কলেজ কর্তৃপক্ষ এ কাজ করে।’
ভুক্তভোগী দুই শিক্ষার্থী বিবেকানন্দ ও মোবারক হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগেই সব শিক্ষার্থী মুঠোফোন কক্ষের সামনের ডেস্কে জমা দেন। অথচ কেন্দ্রের দায়িত্বে থাকা স্যারেরা বিনা অপরাধে তাঁদের শাস্তি দেন। চার ঘণ্টাব্যাপী ৮০ নম্বর পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই উত্তরপত্র কেড়ে নেওয়া হয়। শিক্ষার্থীরা ১৫-২০ নম্বরেরও উত্তর দিতে পারেননি। দুই কলেজের রেষারেষির কারণে তাঁদের এক বছর অনিশ্চিত হয়ে গেল।
জানতে চাইলে ওয়ালীনেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর বিধিতে আছে, কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মুঠোফোন নিয়ে আসতে পারবেন না। এ কথা প্রত্যেক পরীক্ষার্থীর প্রবেশপত্রেও লেখা আছে। অথচ বারবার পরীক্ষার্থীদের কাছে মুঠোফোন চেয়ে সতর্ক করার পরও তাঁরা কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকের কাছে তা জমা দেননি। পরে তাঁদের কাছে অনুসন্ধান করে মুঠোফোন পাওয়া যায়। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষক আমাকে জানালে আমি তাঁদের বহিষ্কার না করে উত্তরপত্র রেখে বের করে দিতে বলি। তবে তাঁরা দুই ঘণ্টার মতো পরীক্ষা দিয়েছেন।’
গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায় গতকাল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাব এবং ওই কলেজে কেন্দ্র পরিবর্তনের দাবিতে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করব।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘এ অভিযোগ পেয়েছি। এটা খুবই দুঃখজনক যে দুই কলেজের অন্তর্দ্বন্দ্বের কারণে ৩২ জন শিক্ষার্থীর একটি বছর অনিশ্চিত হয়ে গেল। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে অচিরেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’