৩২ সাঁওতালের জামিন মঞ্জুর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় ৩২ সাঁওতালকে জামিন দিয়েছেন আদালত। গোবিন্দগঞ্জ বিচারিক হাকিম আদালতের বিচারক এস এম তাসকিনুল হক গতকাল রোববার দুপুরে তাঁদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মুরাদ জামান রব্বানী বলেন, ৩২ আসামি তাঁদের আইনজীবীর মাধ্যমে স্বশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন। তাঁদের মধ্যে ৩০ জন গত ২৭ নভেম্বর হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।
গত ৬ নভেম্বর উপজেলার সাপমারা ইউনিয়নে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ এলাকায় চিনিকল শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে সাঁওতাল শ্যামল হেমরম, মঙ্গল মাড্ডি ও রমেশ টুডু নিহত ও অন্তত ২০ জন আহত হন। ওই দিন পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চন্দ্র বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে থানায় মামলা করেন।