৩২ হাজার পোলিও টিকা নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সিভিল সার্জনের কার্যালয়ে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা তিন হাজার ২০০ ভায়েল পোলিও টিকা মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। নিয়মিত পর্যবেক্ষণ না করায় টিকাগুলো নষ্ট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বিনা মূল্যে পাওয়া প্রতিটি ১০ ডোজের এসব ভায়েলে ৩২ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানো যেত। ভায়েলের লেবেল অনুযায়ী এসব টিকার মেয়াদ রয়েছে ২০১৩ সাল পর্যন্ত।সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকার মহাখালীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কার্যালয় থেকে প্রতিটি ১০ ডোজের সাড়ে পাঁচ হাজার ভায়েল পোলিও টিকা বাগেরহাটের সিভিল সার্জনের কার্যালয়ে সরবরাহ করা হয়। এর মধ্য থেকে দুই হাজার ৩০০ ভায়েল টিকা উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছিল। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় টিকা দিবসের কার্যক্রম শেষে উপজেলা পর্যায়ে প্রতিটি ২০ ডোজের বেশ কিছু ভায়েল টিকা উদ্বৃত্ত থাকায় ফেব্রুয়ারি মাসের পর উপজেলা পর্যায়ে ১০ ডোজের আর কোনো পোলিও টিকার ভায়েল সরবরাহ করা হয়নি। বাকি তিন হাজার ২০০ ভায়েল টিকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফ্রিজে সংরক্ষণ করা ছিল। গত বুধবার ইপিআই তত্ত্বাবধায়ক ফরিদুর রহমান টিকার ভায়েলের ভিভিএম ছক দেখে টিকাগুলো নষ্ট বলে শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি সিভিল সার্জনকে জানান। গত বৃহস্পতিবার এ বিষয়ে ইপিআই সদর দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে।অভিযোগ উঠেছে, এসব টিকা সংরক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা নিয়মিত টিকাগুলোর অবস্থা যাচাই না করায় এর ভিভিএম ছকের অবস্থা জানতে পারেননি। এসব টিকা সংরক্ষণের দায়িত্বে থাকা ইপিআই তত্ত্বাবধায়ক ফরিদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এসব টিকা তত্ত্বাবধানের দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়েছে। টিকাগুলো যথাযথ তাপমাত্রায় হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল।বাগেরহাটের সিভিল সার্জন স্বপন কুমার তপাদার গতকাল প্রথম আলোকে বলেন, টিকাগুলো নষ্ট হওয়ার কারণ উদ্ঘাটনের জন্য ঢাকার ইপিআই সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।