৩২ হাজার মানুষের জন্য ৬৫ সাঁকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩২ হাজার মানুষের চলাচলের মতো ভালো সড়ক নেই, নেই কোনো সেতু। তবে ৬৫টি সাঁকো রয়েছে, সেগুলোও আবার ঝুঁকিপূর্ণ।ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাল প্রথম আলোকে বলেন, সাঁকোর জন্য লোকেরা একে ‘সাঁকো ইউনিয়ন’ বলে। সড়ক ও সেতু না থাকায় সাঁকো বেশি। সদরের মধ্যে সবচেয়ে বেশি কৃষিপণ্য এ ইউনিয়নে উৎপন্ন হয়। কিন্তু তারা বাজারে গিয়ে পণ্য বিক্রি করতে পারছে না। সাঁকো ইউনিয়ন: ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কুঞ্জপট্টি গ্রামে সাতটি সাঁকো। এগুলো আমীর, বশার খান, জামালের, ইউছুফ সরদার, বজলু চৌকিদার, কবিরাজ ও খোরশেদ হাওলাদারের বাড়ির সামনে। এই ওয়ার্ডের ইউপি সদস্য কাবিল হাওলাদার বলেন, সেখানে দুই কিলোমিটার পাকা ও ১০ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। আরও কমপক্ষে ছয় কিলোমিটার সড়ক নির্মাণ করা দরকার। ২ নম্বর ওয়ার্ড কুঞ্জপট্টি গ্রামে ছয়টি সাঁকো। এগুলো কালু মাল, হারুন গোয়াল, আবদুস সালাম মাল, শাহাজান, আবদুুর রহিম ফকিরের বাড়ির সামনে ও বহদ্দারের বাড়ির পশ্চিম পাশে। ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিদ্দিকুর রহমান বলেন, সেখানে ১৪ কিলোমিটার কাঁচা ও এক কিলোমিটার পাকা সড়ক আছে। সেই এক কিলোমিটার আবার সংস্কার না করলে চলা যাচ্ছে না। ৩ নম্বর ওয়ার্ড টুমচর গ্রামে পাঁচটি সাঁকো। আরশাদ আলী চৌকিদার, নুরু বয়াতির বাড়ির সামনে, হানিফ মিয়ার বাঁধের পূর্ব পাশে, বাঘমারা হালটের ওপর ও মুন্সিবাড়ি খালের ওপর এগুলো। ইউপি সদস্য শাজাহান রাড়ি বলেন, সেখানে চার কিলোমিটার পাকা সড়ক থাকলেও চলা যায় না। ৪ নম্বর ওয়ার্ড চন্দ্রপ্রসাদ গ্রামে সাতটি সাঁকো। এগুলো উত্তর-পশ্চিম রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়, জয়নালের দোকান, মোফাজ্জল মালের বাড়ির পেছনে এবং আইয়ুব খান, জালাল খান, রশিদ দালাল ও মোফাজ্জলের বাড়ির সামনে। ইউপি সদস্য মো. মহসিনের ভাষ্যমতে, এ ওয়ার্ডে চার কিলোমিটার সড়ক, তিনটি সেতু ও চারটি কালভার্ট নির্মাণ করা জরুরি। ৫ নম্বর ওয়ার্ড মধ্য চন্দ্রপ্রসাদ গ্রামে ১২টি সাঁকো। এগুলো আকতার বেপারী, মাতব্বর মিয়া, ইয়াকুব আলী বেপারি, ফারুক, কবির হাওলাদার, মিজি, সিরাজ বকসী, আলমগীর ফরজী, দালাল, মোস্তাফা হাওলাদার, মানিক মোল্লা ও রফিক মাতব্বরের বাড়ির সামনে। ইউপি সদস্য সামসুদ্দিন মিয়া বলেন, তাঁর ওয়ার্ডে সাত কিলোমিটার সড়ক ও দুটি সেতু নির্মাণ করা একান্ত জরুরি। ৬ নম্বর ওয়ার্ড চরগাজী গ্রামে সাতটি সাঁকো। এগুলো বশির, মতলব মাল, মনির বাবুর মক্তব, সুলতান খাঁ, ওসমান বেপারী, মাকসুদ উকিল, আবুল কাসেম ফরাজী ও নাগরের বাড়ির সামনে। ইউপি সদস্য ফারুক হাওলাদার জানান, সেখানে কোনো সড়ক পাকা নেই। ৭ নম্বর ওয়ার্ড উত্তর চন্দ্রপ্রসাদ গ্রামে ১০টি সাঁকো। এ ওয়ার্ডের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সাঁকোগুলো আবদুুর রব মাঝি, বেলায়েত মৃধা, আক্কেল সিকদার, আবু তাহের বেপারী, মোল্লাবাড়ী, সেকান্দার বাকলাই, জাহাঙ্গীর সুকানি, ইসমাইল মৌলভী, আবদুল কাদের ও ইউসুফ পাটওয়ারীর বাড়ির সামনে। ইউপি সদস্য হিরণ বাকলাই বলেন, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ জরুরি। ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ-পূর্ব চন্দ্রপ্রসাদ গ্রামে ছয়টি সাঁকো। এগুলো বাঘ মারা রাস্তায় ধলু খাঁ, মুসলিম পোদ্দার, তালুকদার বাড়ি, সরকারি কলোনি, সুফিয়া-মালেক ও হাওলাদার বাড়ির সামনে। ইউপি সদস্য গিয়াস খান বলেন, চারটি সেতু এবং ছয়টি কালভার্ট জরুরি। ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ চন্দ্রপ্রসাদ গ্রামে সাতটি সাঁকো। ভাঙাচোরা এসব সাঁকো হচ্ছে শরীফ খাঁ, লতিফ ফরাজী, আ. রহমান মিস্ত্রী, আবদুস সাত্তার জমাদ্দার, লতিফ ফরাজী বাড়ির দক্ষিণ পাশে, আবদুুর রাজ্জাক সিকদার ও খাঁ বাড়ির সামনে। ইউপি সদস্য আবুল কালাম বেপারী জানান, এ ওয়ার্ডে ইটের খোয়া ফেলা দুই কিলোমিটার সড়ক সংস্কার করা জরুরি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভোলা অফিসের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুস সালাম বলেন, ‘ আমরা চেষ্টা করছি ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে।’