৩২টি তালা ভেঙে দায়িত্ব নিলেন প্রধান শিক্ষক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা আবদুল হামিদ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ভূঁইয়াকে গত বুধবার বিদ্যালয়ের অন্তত ৩২টি তালা ভেঙে দায়িত্ব নিতে হয়েছে। জানা যায়, গত বছর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন আহম্মদ অবসরে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কুদ্দুছ। পরে প্রধান শিক্ষকের শূন্য পদে গত ১০ মে পরীক্ষার মাধ্যমে নিয়োগ পান কামরুজ্জামান ভূঁইয়া। বিষয়টি জানতে পেরে কুদ্দুস পরের দিন প্রচার করেন ব্যবস্থাপনা কমিটির সভায় কামরুজ্জামানের নিয়োগ বাতিল হয়েছে। এ ঘটনায় পরে ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান ভূঁইয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেন, তাঁর স্বাক্ষর জালিয়াতি করে কুদ্দুস নিয়োগ বাতিলের বিষয়টি প্রচার করেন। এদিকে গত ১৫ মে নিয়োগপত্র পেয়ে ১৭ মে বিদ্যালয়ে যোগ দেন কামরুজ্জামান। এ নিয়োগের বিরুদ্ধে গত ২৩ মে আদালতে মামলা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ। আদালত সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। ২৯ মে নোটিশ পান কামরুজ্জামান। এ অবস্থায় প্রধান শিক্ষক কামরুজ্জামান ভূঁইয়াও বিদ্যালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি চাবি, রেজ্যুলেশন বইসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারের জন্য নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। একপর্যায়ে আদালত এসব নথিপত্র উদ্ধারের জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক কামরুজ্জামান ভূঁইয়াকে নিয়ে উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম ও থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর আশরাফের নেতৃত্বে একদল পুলিশ গত বুধবার বিদ্যালয়ে যান। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু এর আগেই বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ চাবি নিয়ে উধাও হয়ে যাওয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষ, শ্রেণীকক্ষসহ বিভিন্ন আসবাবের অন্তত ৩২টি তালা ভাঙতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন নতুন প্রধান শিক্ষক কামরুজ্জামান ভূঁইয়া।এ ব্যাপারে প্রধান শিক্ষক কামরুজ্জামান ভূঁইয়া বলেন, প্রধান শিক্ষক চাবি নিয়ে চলে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অফিসকক্ষ, আলমারি ও শ্রেণীকক্ষের তালা ভাঙতে হয়েছে। তিনি জানান, বিদ্যালয়ের প্রয়োজনীয় অনেক কাগজপত্রই পাওয়া যায়নি।