৩২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিনেও এই পদে শিক্ষক নিয়োগ না দেওয়ায় ওই বিদ্যালয়গুলোতে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। কেউ অবসরে যাওয়ায়, আবার অনেকে সুবিধামতো বিদ্যালয়ে বদলি নেওয়ার কারণে ওই সব পদ শূন্য হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তিনটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা অভিযোগ করেন, সহকারী শিক্ষকদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় অন্য সহকারী শিক্ষকেরা তাঁদের নির্দেশ মানছেন না। এতে ওই বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
নোহালি ইউনিয়নের কচুয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র বলেন, ‘আমার স্কুলে শিক্ষক ছিল পাঁচজন। এখন আমিসহ আছি তিনজন। এই তিনজন শিক্ষকের মধ্যে আমাকে দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। অন্য দুজন দিয়ে চলছে বিদ্যালয়ের ১৮২ জন শিক্ষার্থীর পাঠদান।’
একই ইউনিয়নের বাঘডহোরা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বলেন, তিনি পাঁচ বছর ধরে ভারপ্রাপ্তের দায়িত্বে আছেন। এ কারণে দাপ্তরিক কাজ নিয়েই তাঁকে বেশি ব্যস্ত থাকতে হয়। এতে শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করতে পারছেন না তিনি।
বাঘডহোরা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেলিনা খাতুন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান বলে, অনেক সময় একটা ক্লাস হওয়ার পর শিক্ষক না আসায় আরেকটা ক্লাস হয় না।
একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, ভারপ্রাপ্ত শিক্ষককে দাপ্তরিক কাজেই ব্যস্ত থাকতে হয়। ফলে ক্লাস নেওয়ার সময় শিক্ষকসংকট দেখা দেয়।
প্রধান শিক্ষকের পাশাপাশি দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুব, আবুলীয়া, সয়ড়াবাড়ি, মেছনিকুন্ডা, খামার মোহনা, কচুয়া-১, চর মটুকপুর, উত্তর বালাপাড়া, দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়া ও বাঘডহোরা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে শূন্য আছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, প্রধান শিক্ষকদের পদ পূরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে।