৩২তম বিসিএসে বঞ্চিতরা আদালতে জবাব দেবে পিএসসি
৩২তম বিসিএসের শূন্য পদগুলো ৩৩তম বিসিএসের মেধা দ্বারা পূরণ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছেন কোটার প্রার্থীরা। আদালত এ ব্যাপারে পিএসসির জবাব চেয়েছে। পিএসসি বলছে, খুব শিগগির তারা এর জবাব দেবে। মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতীয় কোটার লোক নিয়োগের জন্য ২০১১ সালের শেষে ৩২তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। এ বছরের ১০ জানুয়ারি ওই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে দুই হাজার ৫৯২ জন উত্তীর্ণ হন। এর মধ্যে এক হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হলেও উত্তীর্ণ বাকি ৯১২ জনকে সুপারিশ করতে পারেনি পিএসসি। অথচ এই বিসিএসের এক হাজার ১২৫টি পদ শূন্যই আছে। পিএসসি সূত্রে জানা গেছে, কোটা-জটিলতার কারণে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া যায়নি। কারণ, নারী কোটায় হয়তো প্রার্থী আছেন, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় নেই। এমন পরিস্থিতিতে ১৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়। এতে বলা হয়, কোটার এই পদগুলো শূন্য না রেখে ৩৩তম বিসিএসের কারিগরি পদের সঙ্গে সমন্বয় করে নিয়োগ দেওয়া যেতে পারে। ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রস্তাব অনুমোদন করে। তবে ৩২তম বিসিএসে উত্তীর্ণ হলেও কোটা-জটিলতার কারণে বঞ্চিত প্রার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৮ জুন আদালতে যান। তাঁরা আদালতকে বলেন, পিএসসি ৩৩তম বিসিএসের মাধ্যমে পদগুলো পূরণের কথা বলছে। অথচ ৯১২ জন প্রার্থী রয়েছেন, যাঁরা ৩২তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পরও কোটা-জটিলতার কারণে পদ পাননি।
পিএসসির আইন কর্মকর্তা মাহবুবুর রহমান গতকাল বলেন, ‘আমরা মঙ্গলবার নির্দেশনা পেয়েছি। খুব শিগগিরই এর জবাব দেওয়া হবে।’