রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকা মহানগরের ৩২১ ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তার তালিকা ঢাকা সিটি করপোরেশনে পাঠিয়েছে। গতকাল রোববার সংসদে নুরুল ইসলামের (সুজন) এক প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
পূর্তমন্ত্রী জানান, সিটি করপোরেশন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রশ্নোত্তরের আগে বিকেল চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ইলিয়াছ উদ্দিন মোল্লাহর প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করতে বর্তমান সরকার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে ঢাকা মহানগরের ১০টি অঞ্চলে ১০ হাজার ভিক্ষুকের ওপর জরিপ করা হয়। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৭ জন ও জামালপুর জেলায় ২৯ জনকে রিকশা, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসার পুঁজি বিতরণের মধ্য দিয়ে পুনর্বাসন করা হয়েছে।