৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন এক মাসের মধ্যে অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩২১টি ভবন আগামী এক মাসের মধ্যে অপসারণের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যেই অন্য সিটি করপোরেশনের ঝুঁকিপূর্ণ ভবনগুলোও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সচিবালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় জাতীয় ভূমিকম্প প্রস্তুতি কমিটি ও সচেতনতা বৃদ্ধিবিষয়ক কমিটি এসব নির্দেশনা দেয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ত্রাণসচিব শাহ্ কামাল ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগ, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞসহ রাজউক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজউক চিহ্নিত এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বন্ধ করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া এসব ভবনে পানি সরবরাহ লাইন বন্ধ করতে ওয়াসা ও হোল্ডিং নম্বর বাতিলের জন্য সিটি করপোরেশনকেও অনুরোধ করা হয়।
সভায় জানানো হয়, বড় ধরনের ভূমিকম্পে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে—এমন ব্যবস্থার জন্য বিদ্যুৎ ও গ্যাসলাইনের ‘এন্ট্রি পয়েন্টে’ সেন্সর লাগানো হচ্ছে। এ ছাড়া ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ৬৯ কোটি টাকার যন্ত্রপাতি সশস্ত্র বাহিনী বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেওয়া হয়েছে। আরও ১৫৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে।
তবে রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ঠিক কত, তা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং রাজউক ও সিটি করপোরেশনের তথ্যে রয়েছে বিস্তর অমিল। এ বছরের শুরুতে ৪ জানুয়ারি গভীর রাতে ভূমিকম্পের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, ঢাকায় ৭২ হাজার ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে পুরান ঢাকায় ভবনধসে ১৭ জনের মৃত্যুর পর অবিভক্ত সিটি করপোরেশনের করা জরিপে রাজধানীতে ঝুঁকিপূর্ণ হিসেবে পাঁচ শর মতো ভবন চিহ্নিত করা হয়।
অন্যদিকে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক গোলাম মোস্তফা বলেন, বছর তিনেক আগে পরিচালিত এক জরিপে ৩২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়। এদিকে ২০১১ সাল থেকে জাইকার সহযোগিতায় গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর পরিচালিত চার বছর মেয়াদি এক জরিপে দেখা যায়, গণপূর্ত বিভাগের মাধ্যমে নির্মিত ২ হাজার ১৯৩টি সরকারি ভবনের ৫৯ শতাংশই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার অধিকতর ঝুঁকিতে রয়েছে।