সমপরিমাণ আয় ও ব্যয় ধরে রাজশাহী সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৩২৮ কোটি ২৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে, যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা বেশি।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাজেটে হোল্ডিং কর বৃদ্ধি করা হয়নি৷ তবে পুরোনো হোল্ডিংয়ের বর্ধিত অংশ ও নতুন হোল্ডিংয়ের ওপর আগের হারে করারোপ করা হয়েছে। সিটি করপোরেশনের বর্তমান পরিষদের এটিই প্রথম বাজেট।
গতকাল শনিবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে সিটি করপোরেশনের বাজেট সভায় প্রায় ৩২৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। পরে বেলা একটার দিকে সংবাদ সম্মেলনে মেয়র মোসাদ্দেক হোসেন জানান, ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল প্রায় ৩০৯ কোটি ৮৬ লাখ টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে প্রায় ২১১ কোটি ৪৯ লাখ টাকায়। মেয়র বলেন, ‘বাজেট সুফল ভোগের সার্বিক অংশীদার নগরবাসী। এর সাফল্যও নির্ভর করছে আমাদের কর্মপ্রচেষ্টা এবং মহানগরবাসী, রাষ্ট্র, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের আন্তরিক সহযোগিতার ওপর।’
বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৭২ কোটি ৪৯ লাখ টাকা। যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার কর, রেটস, রেন্ট অ্যান্ড প্রফিটস, স্বেচ্ছায় দান ও সরকারি অনুদান (নগর শুল্ক)। উন্নয়ন সহায়ক মঞ্জুরি, জামানতের অর্থ ও বিবিধ খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৩১ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প মঞ্জুরি, বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড, মাঝারি শহর সমন্বিত বন্যানিয়ন্ত্রণ প্রকল্প, ইউপিপিআর, ইউপিইএইচএসডিপি প্রকল্প ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প থেকে মোট আয় ধরা হয়েছে প্রায় ২২৫ কোটি ৪৯ লাখ টাকা।
ব্যয়ের ক্ষেত্রে বেতনভাতা খাতে প্রায় ৩৯ কোটি ছয় লাখ টাকা, সংস্থাপন খাতে এক কোটি ৫৮ লাখ টাকা, রাস্তাঘাট সংরক্ষণ ও উন্নয়নে নয় কোটি ৫৮ লাখ টাকা, বেসামরিক প্রতিরক্ষা খাতে পাঁচ লাখ টাকা এবং শিক্ষা ও কৃষ্টি খাতে ৯০ লাখ টাকা ধরা হয়েছে। এ ছাড়া উন্নয়ন সহায়ক মঞ্জুরি ও বায়নার অর্থে ৩০ কোটি ৩১ লাখ টাকা এবং প্রকল্প মঞ্জুরি, বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ডসহ বিভিন্ন প্রকল্প খাতে ২২৫ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।