৩২৯৭ মানুষের জন্য একজন চিকিৎসক
দেশে প্রতি তিন হাজার ২৯৭ জন মানুষের জন্য চিকিৎসক আছেন একজন। আর প্রতি এক হাজার ৬৯৯ জন মানুষের বিপরীতে হাসপাতালে শয্যা আছে একটি। স্বাস্থ্য বুলেটিন ২০১৩-তে এই তথ্য দেওয়া হয়েছে।
গত রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) প্রতিবছর এই বুলেটিন তৈরি করে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বুলেটিনের তথ্য উপস্থাপন করে বলেন, দেশে বর্তমানে চিকিৎসকের সংখ্যা ৪৬ হাজার ৯৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অধীন মোট স্বাস্থ্যকেন্দ্র ১৪ হাজার ৪৮২টি। ২০১২ সালে কমিউনিটি ক্লিনিক থেকে সাত কোটি ২২ লাখ মানুষ সেবা নেয়। একজন মানুষ বছরে একাধিকবার কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিয়েছে। এই হিসাবে সংখ্যাটি সাত কোটি ২২ লাখে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বুলেটিন-এ বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ জন্ম-পরবর্তী শ্বাসকষ্ট (৩২ শতাংশ), কম ওজন নিয়ে জন্মগত জটিলতা (১৮ শতাংশ), সেপটিসেমিয়া (১৮ শতাংশ), নিউমোনিয়া (১০ শতংাশ) এবং এনকেফালাইটিস (৪ শতাংশ)।
বিভিন্ন পর্যায়ের সরকারি হাসপাতালে মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হয়েছে স্বাস্থ্য বুলেটিন-এ। তাতে দেখা গেছে, উপজেলা হাসপাতালে মৃত্যুর প্রধান কারণ অ্যাজমা, জেলা হাসপাতালে মৃত্যুর প্রধান কারণ জন্ম-পরবর্তী নবজাতকের শ্বাসকষ্ট এবং মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রধান কারণ হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া। ২৫০ পৃষ্ঠার স্বাস্থ্য বুলেটিন-এ বলা আছে, দেশে ১৩ জেলায় ম্যালেরিয়া, ৩৪ জেলায় ফাইলেরিয়া এবং ১০০ উপজেলায় কালাজ্বরের প্রকোপ আছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চিকিৎসকদের গ্রামে রাখার জন্য জাতীয় স্বাস্থ্য পরিষদের সভায় চিকিৎসকদের প্রণোদনা ও গ্রামাঞ্চলে গাড়ি দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।