৩৩ আসামিকে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরাম হত্যা মামলায় গতকাল বুধবার ৩৩ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়েছে। আগামী ২১ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্র জানায়, মামলার এজাহারভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ২৯ জনকে ফেনী কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা চারজন আসামি নিজ থেকে আদালতে হাজিরা দিয়েছেন। বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী অসুস্থ থাকায় তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জামিনে ছাড়া পাওয়ার পর দুজন আসামি পলাতক আছেন।
অপরদিকে পলাতক ২০ জনের মধ্যে ১৪ জনের মালামাল ক্রোকের পরোয়ানা জারি করা হয়েছে এবং ছয়জনের মালামাল ক্রোকি পরোয়ানা জারির অপেক্ষায় রয়েছে।
গত বছরের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে একরামুল হককে হত্যা করে। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যা মামলায় গত বছরের ২৮ আগস্ট ৫৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পুলিশ ও র্যা ব ইতিমধ্যে ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করছে। তাদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না-কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অবশিষ্ট ২১ জন এখনো পলাতক আছেন।