বগুড়ার ধুনট থেকে শেরপুরের চান্দাইকোনা পর্যন্ত ৩৩ কিলোমিটার পাকা সড়কে ১০৯টি বাঁক থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এই সড়কে দুর্ঘটনায় আহত যাত্রী আফাছ আলী বলেন, ‘এ বছর ভটভটিত কইরা যাওনের সময় এই রাস্তার বাঁকে উল্টাইয়া পইড়া যাই। এতে আমার পা ভাইঙ্গা অনেক ট্যাহা-পয়সা খরচা হইছে।’উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধুনট থেকে মথুরাপুর বাজার হয়ে শেরপুর উপজেলার সিমাবাড়ি-চান্দাইকোনা মহাসড়ক পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এক দশক আগে কয়েক দফায় রাস্তাটি পাকা করে। ওই রাস্তায় বাস, ট্রাক, মাইক্রোবাস, ভটভটি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।এক বছর আগে ধুনটের বথুয়াবাড়ি বাঙ্গালী নদীর ওপর সেতুর নির্মাণকাজ শুরু হওয়ায় ধুনট-শেরপুর রাস্তায় যোগাযোগব্যবস্থার বিপর্যয় ঘটে। ওই সময় থেকে জেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে বিকল্প পথ হিসেবে ধুনট-চান্দাইকোনা রাস্তায় যানবাহন চলাচল বেড়ে যায়। কিন্তু এই রাস্তার প্রস্থ কম হওয়ায় একটি যানকে আরেকটির পাশ কাটিয়ে যাওয়ার সময় ঝুঁকির মধ্যে পড়তে হয়। এ ছাড়া ৩৩ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় ১০৯টি বাঁক থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই রাস্তায় গতিরোধক কিংবা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থাও নেই। ফলে গত এক বছরে এ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে আটজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।ভটভটিচালক আনিছুর রহমান জানান, অনেক সময় গাড়ি চালাতে গিয়ে রাস্তার বাঁক ঘোরা যায় না। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে দুর্ঘটনা ঘটে। অটোরিকশাচালক রুবেল হোসেন জানান, কম প্রস্থের রাস্তায় অতিরিক্ত বাঁক থাকায় যানবাহন দ্রুত চালানো যায় না। এ জন্য যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগে। উপজেলা সহকারী প্রকৌশলী আবদুর রশিদ জানান, অনেক আগে কাঁচা রাস্তা করা ছিল। তার ওপর পাকা করা হয়েছে। সে সময় জমির মালিকদের কাছ থেকে ভূমি অধিগ্রহণ না করায় রাস্তায় অতিরিক্ত বাঁক রয়েছে। এসব বাঁক সংস্কারের নতুন কোনো নির্দেশনা নেই।