৩৩ জন কাউন্সিলর প্রার্থীর পছন্দ 'উট পাখি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় কাউন্সিলর পদপ্রার্থীদের প্রতীক হিসেবে পছন্দ ‘উট পাখি’। পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর আসনে মনোনয়নপত্র জমাদানকারী ৩৩ জন প্রার্থী উট পাখিকে প্রতীক হিসেবে চেয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিল প্রার্থীরা আগের মতোই প্রায় ১২টি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। তাঁদের জন্য বরাদ্দ করা প্রতীকগুলো হচ্ছে উট পাখি, পাঞ্জাবি, পানির বোতল, গাজর, টিউবলাইট, টেবিল ল্যাম্প, ডালিম, ঢ্যাঁড়স, ফাইল কেবিন, সেতু, ব্ল্যাকবোর্ড ও স্ক্রু ড্রাইভার। গত রোববার যাচাই-বাছাই শেষে পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। এখন প্রতীক বরাদ্দের অপেক্ষা করছেন তাঁরা। কিন্তু কাউন্সিলর প্রার্থীরা সবাই ‘উট পাখি’ প্রতীক পেতে আবেদন করেছেন।
উটপাখি প্রতীক পছন্দের কারণ জানতে চাইলে পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আজিজুল হক বলেন, ওই প্রতীকটি ব্যালট পেপারে অন্যসব প্রতীকের চেয়ে পরিষ্কারভাবে ফুটে ওঠে। তাই বয়স্ক ও নারী ভোটাররা তা সহজে চিনতে পারেন। এ জন্যই তিনি উট পাখি প্রতীক পেতে আবেদন করেছেন। ৬ নম্বর ওয়ার্ডে তিনিসহ চারজন প্রার্থী উটপাখিকে প্রতীক হিসেবে পেতে আবেদন করেছেন বলে জানান আজিজুল হক।
একই কথা বলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান। তিনি বলেন, এই ওয়ার্ড থেকে তিনজন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁদের সবাই উট পাখি প্রতীক পেতে আবেদন করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও পাটগ্রাম পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, কোনো প্রতীকের বিপরীতে একাধিক আবেদনকারী থাকলে সে ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়। তাই সে অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।