৩৩ জনের ফল প্রকাশ না করে বহিষ্কারের চিঠি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক (পাস) শ্রেণির ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাঁদের ফল প্রকাশিত হয়নি। উল্টো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কেন তাঁদের বহিষ্কার করা হবে না—মর্মে চিঠি দিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে।
ফলাফল প্রকাশের বদলে এ ধরনের চিঠি পেয়ে ওই ৩৩ পরীক্ষার্থী হতভম্ব হয়ে পড়েছেন। বিষয়টির সমাধান চেয়ে গতকাল বুধবার কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
পরীক্ষার্থীদের কয়েকজন বলেন, পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষাকেন্দ্রে তাঁদের কোনো সমস্যা হয়নি। তবু নিজেদের নির্দোষ দাবি করে গত ২৮ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরে উত্তর পাঠিয়ে দেন। কিন্তু ৩১ জানুয়ারি প্রকাশিত ফলাফলে তাঁদের ৩৩ জনের ফল প্রকাশ করা হয়নি।
কলেজ সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) শ্রেণির প্রথম বর্ষের বিপণনবিদ্যা বিষয়ের পরীক্ষায় ৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁরা নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন। গত ২৬ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৩৩ জন পরীক্ষার্থীর কাছে কৈফিয়তপত্র পাঠানো হয়। সেখানে তাঁদের বিরুদ্ধে কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
কেন্দ্রসচিব ও নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিনও বলেন, ওই পরীক্ষার দিন কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।
পরীক্ষা কেন্দ্রে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন এমন দুজন শিক্ষক বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলে তা বাস্তবায়ন করেন কক্ষ পরিদর্শক। কিন্তু ওই ৩৩ পরীক্ষার্থীকে পাঠানো কৈফিয়ত তলবের চিঠিতে পরীক্ষক কর্তৃক বহিষ্কারের কথা উল্লেখ থাকায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মাসুদুল হক বলেন, ৫০টি করে উত্তরপত্র বান্ডিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়ে থাকে। তিনিসহ অন্য শিক্ষকদের ধারণা, ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০টি উত্তরপত্রের বান্ডিল করা হয়েছে। বাকি ৩৩টি উত্তরপত্র কোনোভাবে অন্য কোনো বিভাগের পরীক্ষকের কাছে চলে যাওয়ায় এ অবস্থা হতে পারে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি।