৩৩ জেলের জেল-জরিমানা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অপরাধে ভোলায় গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত ৩৩ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩২৫ কেজি ইলিশ, ৯৮ হাজার মিটার জাল ও ১৪টি নৌকা। ভোলার সাত উপজেলার মৎস্য কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, এবারে ইলিশ প্রজনন মৌসুম ১০ দিন থেকে বাড়িয়ে ১৫ দিন (২৫ সেপ্টেম্বর-৯ অক্টোবর) করা হয়েছে। ইলিশের ডিম ছাড়ার এ সময়ে দেশের নদীগুলোতে ইলিশসহ সব প্রজাতির মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বন্ধ থাকবে বরফ কল। এ ছাড়া প্রতি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, শুক্রবার থেকে গতকাল ভোর পর্যন্ত তাঁরা মাছ ধরার সময় মেঘনা নদী থেকে দুজন জেলেকে আটক করেছেন। ভ্রাম্যমাণ আদালত এক জেলেকে এক মাসের জেল ও অপর জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ২০ হাজার মিটার জাল, ৪০ কেজি ইলিশ ও তিনটি নৌকা জব্দ করা হয়েছে।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি দাস বলেন, উপজেলায় আট জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজনকে এক মাস করে জেল ও পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, উপজেলায় আটক করা ১৬ জেলের মধ্যে ১২ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া নয় হাজার মিটার জাল, ৩০ কেজি ইলিশ ও দুটি নৌকা জব্দ করেছেন তাঁরা।
বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, তাঁরা সাতজন জেলেকে আটক করেছেন। আদালত প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন। এ ছাড়া ২৭ হাজার মিটার জাল, ৪০ কেজি ইলিশ ও ছয়টি নৌকা জব্দ করা হয়েছে।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, তাঁরা নয় হাজার মিটার জাল, ৩০ কেজি ইলিশ ও তিনটি নৌকা জব্দ করেছেন।
কর্মকর্তারা জানান, জব্দ করা মাছ গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। আর জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।