৩৩ টাকা দরে আন্তর্জাতিক বাজার থেকে চাল আসছে
আন্তর্জাতিক বাজার থেকে গড়ে ৩৩ টাকা কেজি দরে চাল কিনছে সরকার। চলতি মে মাসে খাদ্য অধিদপ্তর থেকে যে ১ লাখ টন চাল কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, তাতে প্রতি কেজি চালের এই দাম পড়ছে। মূলত থাইল্যান্ড থেকে ওই চাল আসতে পারে বলে জানা গেছে।
খাদ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। দেশে খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি মোটা চাল ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
অধিদপ্তরের সূত্র বলেছে, চলতি মাসের শুরুতে খাদ্য অধিদপ্তর ১ লাখ টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। ৫০ হাজার টন করে দুটি আলাদা দরপত্র আহ্বান করা হয়। প্রথম দরপত্রে প্রতি টন ৪২৭ মার্কিন ডলারে ও দ্বিতীয় দরপত্রে ৪০৬ ডলারে চাল সরবরাহের প্রস্তাব পায় অধিদপ্তর। পাঁচটি প্রতিষ্ঠান ওই দরপত্রে সাড়া দিলে সর্বনিম্ন দরদাতা হিসেবে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি অ্যাগ্রো করপোরেশন ইন্টারন্যাশনালকে চাল সরবরাহের জন্য মনোনীত করা হয়।
খাদ্য অধিদপ্তর সূত্র বলেছে, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই চাল বাংলাদেশে পৌঁছাবে। এর বাইরে ভিয়েতনামের সঙ্গে বছরে ১০ লাখ টন চাল আমদানির ব্যাপারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। ভিয়েতনামের চালের দামও প্রতি কেজি ৩৩ টাকার মধ্যে থাকতে পারে। দেশটি থেকে জরুরি ভিত্তিতে আড়াই লাখ টন চাল আনার ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ প্রতিনিধিদল আলাপ করে এসেছে।
খাদ্য অধিদপ্তর চলতি মাসের শুরুতে ৩৪ টাকা কেজি দরে অভ্যন্তরীণ বাজার থেকে ৮ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করে। কিন্তু ২৫ মে পর্যন্ত ১ হাজার ২০৯ টন চাল সংগ্রহ করতে পেরেছে তারা। চালকল মালিকদের একটি বড় অংশ প্রতি কেজি চালে ৩৪ টাকার সঙ্গে আরও ৪ টাকা প্রণোদনা মূল্য হিসাবে দেওয়ার দাবি জানিয়ে আসছে। না হলে তাঁরা সরকারি গুদামে চাল দিতে পারবেন না বলে বলছেন।
খাদ্য অধিদপ্তরের গুদামে বর্তমানে ২ লাখ ২৪ হাজার টন চাল ও ২ লাখ ৭৫ হাজার টন গম রয়েছে। গত বছর একই সময়ে প্রায় ৬ লাখ টন চাল ও ৩ লাখ ৩২ হাজার টন গম ছিল।