কক্সবাজার শহরের সংরক্ষিত পাহাড় কেটে বসতবাড়ি তৈরির দায়ে ৩৩ দখলদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
গত রোববার রাতে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।
শহরের কলাতলী সমুদ্রসৈকতের পাশে টিঅ্যান্ডটি পাহাড় কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় চার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার বাদী ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ৮ জুন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে পাহাড়ে অভিযান চালিয়ে ৩৩ দখলদারের তালিকা তৈরি করেন। এরপর আরও যাচাই-বাছাই করে রোববার পরিবেশ আইনের পৃথক দুটি মামলা করা হয়। অন্যান্য পাহাড়েও অভিযান চলবে।
মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ইতিমধ্যে আসামিরা আত্মগোপন করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।