৩৩ প্রশাসনিক পদ থেকে ৩০ শিক্ষকের পদত্যাগ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও ছাত্রবিষয়ক পরিচালকসহ ৩৩টি প্রশাসনিক পদ থেকে একযোগে পদত্যাগ করেছেন ৩০ জন শিক্ষক। গত বৃহস্পতিবার বিকেলে রেজিস্ট্রারের দপ্তরে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে রেজিস্ট্রার মোল্লা আমীর হোসেন জানান, তাঁর দপ্তরে কয়েকজন শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। ওই সময় তিনি দপ্তরে ছিলেন না। আগামী রোববার ফাইল দেখে বলতে পারবেন কতজন এবং কী কারণে পদত্যাগ করেছেন।
পদত্যাগী শিক্ষকদের কয়েকজন জানান, একাডেমিক কাউন্সিলের সভায় স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ও চারুকলা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা পারভীনকে ‘আপত্তিকর’ মন্তব্য করার প্রতিবাদসহ কয়েকটি কারণ উল্লেখ করে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, ১৮ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় আফরোজা পারভীন উপস্থিত হন। ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) মোস্তফা সরোয়ার সভায় আফরোজার অংশগ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর উপস্থিতিতে সভা চলতে পারে না বলে দাবি করেন। এ সময় উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলের অন্য সদস্যরা বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। এতে ক্ষুব্ধ হয়ে আফরোজা গত বুধবার পরিচালকের (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগ করেন।
আফরোজা পারভীন বলেন, ‘উপাচার্যের উপস্থিতিতে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। এ কারণে আমি পদত্যাগ করেছি।’
মোস্তফা সরোয়ার বলেন, ‘আমি একাডেমিক কাউন্সিলের সভায় যা বলেছি তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও রীতি অনুযায়ী বলেছি।’
উপাচার্য মো. ফায়েক উজ্জামান বলেন, ‘কয়েকজন শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। একজন শিক্ষকের অশোভন আচরণের জন্য এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমি আশা করি, শিক্ষকেরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’