৩৩ প্রার্থীর ১৯ জনই নির্বাচন করবেন ধার-দানে
পটুয়াখালী সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৩৩ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ১৯ জনই ধার ও দানের টাকায় নির্বাচন করছেন। নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ফরমে অর্থ প্রাপ্তি ও সম্ভাব্য ব্যয়ের খাত পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর বলেন, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নয়জন নিবন্ধিত করদাতা। এঁদেরসহ মোট ১৪ জন প্রার্থী নিজ ব্যয়ে নির্বাচন করবেন। বিধি অনুযায়ী একজন চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন।
বদরপুর ইউপিতে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত বি এম শাহজাহান পারভেজ নির্বাচনে পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে তিনি দুই লাখ টাকা দান নেবেন। স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান চার লাখ টাকা নির্বাচনী ব্যয়ের মধ্যে দেড় লাখ টাকা ধার এবং ৫০ হাজার টাকা দান হিসেবে গ্রহণ করবেন।
লোহালিয়া ইউপিতে ছয়জনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী কবির হোসেন পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে তিনি দুই লাখ টাকা দান নেবেন। স্বতন্ত্র প্রার্থী কিবরিয়া মাহমুদ নির্বাচনী ব্যয় পাঁচ লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা দান হিসেবে গ্রহণ করবেন।
আউলিয়াপুর ইউপিতে ছয় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপির জাকির হোসেন সিকদার নির্বাচনে তিন লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে দেড় লাখ টাকা তিনি দান নেবেন। স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন নির্বাচনী ব্যয় তিন লাখ টাকার মধ্যে এক লাখ টাকা ধার গ্রহণ করবেন। আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির নির্বাচনে ব্যয় করবেন পাঁচ লাখ টাকা। এর মধ্যে তিনি দুই লাখ টাকা দান নেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান হাওলাদার চার লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন। এর মধ্যে তিন লাখ টাকা তিনি দান হিসেবে নেবেন।
মরিচবুনিয়া ইউপিতে পাঁচজনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন নির্বাচনে পাঁচ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে তিনি দেড় লাখ টাকা দান ও দেড় লাখ টাকা ধার নেবেন। স্বতন্ত্র প্রার্থী এ কে এম মনিরুজ্জামান পাঁচ লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা ধার ও দান নিয়ে নির্বাচনী ব্যয় মেটাবেন।
ছোটবিঘাই ইউপির ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শিউলী বেগম নির্বাচনে চার লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে তিনি দুই লাখ টাকাই ধার নেবেন। স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান পাঁচ লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা দান নেবেন। আওয়ামী লীগের আলতাফ হোসেন হাওলাদার নির্বাচনী ব্যয় তিন লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা দান নেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল গনি সিকদার পাঁচ লাখ টাকার মধ্যে এক লাখ টাকা ধার ও দান নেবেন। স্বতন্ত্র প্রার্থী লাল গাজী সাড়ে চার লাখ টাকার মধ্যে আড়াই লাখ টাকা ধার ও দান নেবেন। অপর স্বতন্ত্র প্রার্থী এস এম নাজমুল হক আড়াই লাখ টাকার মধ্যে দেড় লাখ টাকা ধার ও দান হিসেবে নেবেন।
মাদারবুনিয়া ইউপিতে পাঁচজনের মধ্যে আওয়ামী লীগের মুশফিকুর রহমান নির্বাচনী ব্যয় তিন লাখ টাকার মধ্যে এক লাখ টাকা দান ও ধার নেবেন। বিএনপির মোশারফ হোসেন পাঁচ লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা দান ও এক লাখ টাকা ধার নেবেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল বারেক মোল্লা চার লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা ধার ও দান হিসেবে নেবেন।