৩৩ বছর পর অস্ত্রোপচার চালু
৩৩ বছর পর নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার কার্যক্রম চালু হয়েছে। হাসপাতালের চারজন চিকিৎসক নিজ উদ্যোগে এ কার্যক্রম শুরু করেছেন। ফলে দরিদ্র রোগীরা বিনা খরচে অস্ত্রোপচারের সুবিধা পাচ্ছেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত জুন মাসের শুরুর দিক থেকে এখানে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। ১৯৭৭ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো অস্ত্রোপচার হয়নি। এখানে বর্তমানে সিজার, অ্যাপেনডিক্স, ডিইঅ্যান্ডসি, হিস্ট্রেক-টোমি, অর্শ রোগ, লাইকোমা, সিস্ট, টিউমার ও হার্নিয়াসহ অন্যান্য সাধারণ অস্ত্রোপচার করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মায়া রানী বিশ্বাস, মো. আজিজুর রহমান ও জি এম নূরুজ্জামান—এই চার চিকিৎসক নিজেরাই উদ্যোগী হয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন। এ হাসপাতালেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছেন রাজুপুর গ্রামের মনিরা বেগম (২৮)। তিনি বলেন, ‘এখানে বিনা খরচে অস্ত্রোপচার হয়েছে। সবসময় চিকিৎসক আছেন। দক্ষ নার্স আছেন।’ রামকান্তপুর গ্রামের মিলন মোল্লার (৩৫) পাইলসের অস্ত্রোপচার হয়েছে। তিনি বলেন, ‘আমি ভ্যান চালাই। গরিব মানুষ। এখানে অপারেশন না হলে আমার পক্ষে অপারেশনের খরচ চালানো সম্ভব ছিল না।’চিকিৎসক মো. আজিজুর রহমান বলেন, ‘আমরা মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রকল্পের (এমএনএইচ) আর্থিক সহায়তায় অচল অস্ত্রোপচার কক্ষটি (ওটি) সচল করেছি। পুরোপুরি অস্ত্রোপচার চিকিৎসা চালাতে হলে ৫০ শয্যার বর্তমান মডেলের হাস-পাতাল দরকার।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘অস্ত্রোপচারের জন্য অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ দরকার। কিন্তু হাসপাতালে এ পদটি শূন্য রয়েছে। এ ছাড়া ৫০ শয্যার হাসপাতাল ও আধুনিক ওটি নির্মাণের জন্য প্রায় পাঁচ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। ঠিকাদার কাজ শুরু করে প্রায় দুই বছর ফেলে রেখেছেন। এ অবস্থায় প্রয়োজনীয় উপকরণের অভাব থাকলেও গরিব রোগীদের সেবার জন্য নিজেরা উদ্যোগ নিয়ে এই প্রথম হাসপাতালে অস্ত্রোপচার শুরু করেছি।’