৩৩ বছরে ৩০ বার জেলহাজতে!
‘পুলিশের কাজ আমাকে ধরা, আর আমার কাজ হচ্ছে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসা। জেলহাজত আমার কাছে বাড়ির মতো। বছরে দু-একবার না গেলে ভালোই লাগে না।’ ৩৩ বছর বয়সে ৩০ বার জেলহাজতে যাওয়ার দাবি করে এসব কথা বলেন হবিগঞ্জের আবদুল মোছাব্বির। পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের মোছাব্বিরের বয়স ৩৩ বছর। তাঁর বিরুদ্ধে চুরি, নারী ও শিশু পাচারসহ নানা অভিযোগ রয়েছে। বানিয়াচং থানার পুলিশ গত মঙ্গলবার হবিগঞ্জের আমলি আদালতে হাজির করে মোছাব্বিরকে। বর্তমানে তিনি হবিগঞ্জ কারাগারে আছেন। আদালত প্রাঙ্গণে মোচ্ছাব্বির এ প্রতিবেদকের কাছে দাবি করেন, ৩৩ বছরের জীবনে তিনি ৩০ বার জেলহাজতে গিয়েছেন। এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। এখন তাঁর বিরুদ্ধে কয়টি মামলা আছে, তাও তিনি জানেন না। বর্তমানে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।মোছাব্বির বলেন, ‘এলাকায় যেকোনো অপরাধ সংঘটিত হলেই সবার নজর আমার দিকে। জড়িত না থাকলেও আমাকে আসামি করা হয়। এ নিয়ে আমার মাথাব্যথা নেই।’আলমপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা বলেন, পুলিশ মোছাব্বিরকে ধরলেও কয়েক দিন পরই জামিনে মুক্ত হয়ে আগের মতোই অপরাধ শুরু করেন। যোগাযোগ করা হলে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, মোছাব্বিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।