৩৩ বছরেও পূর্ণাঙ্গগ্রন্থাগার মিলল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থাভাবে ৩৩ বছরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ভবন নির্মিত হয়নি। অর্ধসমাপ্ত ভবনের ৩০০ আসনেই পড়াশোনা করতে হয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে৷ এ জন্য প্রতিদিন সকালে তীব্র লড়াই করে শিক্ষার্থীদের আসন পেতে হয়৷
শিক্ষার্থীরা জানান, গ্রন্থাগারে অনেক কষ্ট করে আসন পেলেও প্রয়োজনীয় বই পাওয়া যায় না।
গ্রন্থাগারের কর্মকর্তারা জানান, ১৯৮১ সালে গ্রন্থাগারের নির্মাণকাজ শুরু হয়। তিনতলা ভবনে প্রায় এক লাখ বর্গফুট স্থান থাকার কথা। কিন্তু ভবনটির সামনের অর্ধেক অংশের কাজ শেষ করে ১৯৮৫ সালে শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগারটি উন্মুক্ত করে দেওয়া হয়। ওই অংশের আয়তন প্রায় ৫০ হাজার বর্গফুট। শিক্ষার্থীদের দাবির মুখে গত দুই বছরে গ্রন্থাগারের আসনসংখ্যা দুই দফায় বাড়িয়ে ৩০০ করা হয়েছে।
সরেজমিনে গ্রন্থাগারে ঢুকতেই দেখা যায়, নিচতলায় সিঁড়ির পাশে পড়ার জন্য চেয়ার-টেবিল রাখা। একই তলার করিডরেও একই ব্যবস্থা।
শিক্ষার্থীরা জানান, এতে তাঁরা বসার জায়গা পেলেও মন দিয়ে পড়াশোনা করতে পারেন না। কেননা সিঁড়ি দিয়ে সারাক্ষণ শিক্ষার্থী ও গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীরা যাতায়াত করেন।
বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, সকালে গ্রন্থাগারে আসন পাওয়া যায় না। তাই তাঁরা লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। অনেক সময় লাইনে দাঁড়ানোর পরও আসন পাওয়া যায় না। তাই লাইনে দাঁড়ানো ও আসনে বসা নিয়ে অনেক সময় নিজেদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে।
উপগ্রন্থাগারিক রেজাউল হক বলেন, ভবনে আর কোনো চেয়ার-টেবিল রাখার জায়গা নেই। এখন একটিই উপায়, গ্রন্থাগারের অসমাপ্ত অংশের কাজ সমাপ্ত করা। পূর্ণাঙ্গ ভবনের কাজ শেষ হলে আরও পাঁচ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনার জন্য আসনের ব্যবস্থা করা যাবে।
এদিকে সহজে প্রয়োজনীয় বই খঁুজে বের করতে গ্রন্থাগারে দুটি কম্পিউটার থাকলেও এক বছরের বেশি সময় ধরে তা নষ্ট। গ্রন্থাগারের সূচিপত্রে বইয়ের নাম থাকার পরও বই পাওয়া যায় না বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন চালু হওয়া বিভাগগুলোর অনেক বইয়ের নাম সূচিপত্রেও নেই।
ডেপুটি রেজিস্ট্রার আমির হোসেন জানান, অনেক পুরোনো বই পড়ার অনুপযোগী হওয়ায় তা বাতিল করতে হয়েছে। কিন্তু তালিকায় অনেক সময় সেগুলোর নাম থেকে যায়। তাছাড়া একটি বইয়ের কপির সংখ্যা সীমিত৷ কিন্তু শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা অনেক। যেসব বইয়ের কপি মাত্র একটি, তা গ্রন্থাগারে বসেই শিক্ষার্থীদের পড়তে হয়। ওই বইগুলো গ্রন্থাগারের বাইরে নেওয়ার নিয়ম না থাকলেও শিক্ষকদের অনুরোধের কারণে তা দিতে হয়। এ কারণেও শিক্ষার্থীরা বই পান না।
সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, গ্রন্থাগার ভবনের বাকি অংশ নির্মাণে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হবে।