৩৩ বিদ্যালয়ের শিশুরা বারান্দায়

রংপুরের তারাগঞ্জ উপজেলার ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ ও শ্রেণিকক্ষ-সংকটে বারান্দা ও খোলা মাঠে চলছে পাঠদান। এতে শিক্ষার্থীরা যেমন পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, তেমনি কষ্টও করছে।
সম্প্রতি সৈয়দপুর ছপর উদ্দিন, উত্তর হাজীপুর জুম্মাপাড়া, মাটিয়ালপাড়া, জমেরঘাট, কাজীপাড়া, কাচারীপাড়া, পশ্চিম কুর্শা শিকারপাড়া, বকশীপাড়া, শ্যামগঞ্জ, উজিয়াল পাইকারপাড়া ভাই ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, বারান্দায় চট বা পাটিজাতীয় কিছু বিছিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
সৈয়দপুর ছপর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে ক্লাস করতে থাকা শিশু শ্রেণির শিক্ষার্থী আরমান হোসেনের সঙ্গে কথা হয়। সে বলে, ‘বারান্দায় মাটিত উপুড় হয়া বসি লেখতে কষ্ট লাগে। দেওয়া (আকাশ) আন্ধার করলে স্যারেরা হামাক ছুটি দেয়।’ ওই শ্রেণির আরেক ছাত্র রবিউল ইসলাম বলে, ‘মাঝিয়াত বসি ক্লাস করতে খুব খারাপ লাগে।’
বিদ্যালয় সহকারী শিক্ষক আজিত হোসেন বলেন, ‘বারান্দায় ক্লাস নেওয়ার সময় বাচ্চারা অমনোযোগী হয়। কথা শুনতে চায় না। তা ছাড়া রোদ, ঠান্ডা সবকিছুতেই বিড়ম্বনায় পড়তে হয়।’
প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, কক্ষ ও বেঞ্চ-সংকটে শিশুদের মেঝেতে ঠাসাঠাসি করে ক্লাস করতে হয়। আগে ৬৫টি বেঞ্চ ছিল। সেগুলোর বেশির ভাগই ভেঙে গেছে। এখন ৩৯০ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র ২৪টি বেঞ্চ আছে বিদ্যালয়ে। বেঞ্চগুলোর প্রতিটিতে তিনজন করে বসা যায়। যারা বেঞ্চে জায়গা পায় না, তারা মেঝেতে বসে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়নের ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ রকম কক্ষ ও বেঞ্চ-সংকট রয়েছে। এসব বিদ্যালয়ে একটি করে পাকা ভবনে চারটি করে কক্ষ আছে। কক্ষগুলোর একটিতে শিক্ষকেরা দাপ্তরিক কাজ চালান। অন্য তিনটিতে চলে পাঠদান।
সম্প্রতি জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল হক ও জমেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার উদ্দিন বলেন, ২০১১ সাল থেকে প্রাথমিক পর্যায়ে প্রাক্-প্রাথমিক নামের নতুন একটি ক্লাস চালু হওয়ায় মোট ছয়টি শ্রেণির ক্লাস নিতে হয়। তিনটি কক্ষে শিক্ষার্থীদের পুরোদমে ক্লাস নিতে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সুষ্ঠুভাবে ক্লাস নিতে হলে একেকটি বিদ্যালয়ে কমপক্ষে পাঁচটি শ্রেণিকক্ষ প্রয়োজন। বেঞ্চ ও শ্রেণিকক্ষ-সংকটে বাধ্য হয়ে শিশু শ্রেণির শিক্ষার্থীদের বারান্দায় ও মেঝেতে পাঠদান করা হচ্ছে।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, ‘৩৩ বিদ্যালয়ের কক্ষ-সংকটের বিষয়টি আমাদের জানা আছে। এ নিয়ে শিক্ষা কমিটির সভায় বেশ কয়েকবার আলোচনা হয়েছে। স্থানীয় সাংসদ ও উপজেলার চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে।’
তবে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বিদ্যালয়গুলোতে নতুন শ্রেণিকক্ষ নির্মাণে বরাদ্দ না থাকায় শিগগিরই এ সমস্যা সমাধান সম্ভব না।