৩৩ মাস পর জেএমবির পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে সরকারি কৌঁসুলি (পিপি) হায়দার হোসাইন হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলা দায়েরের ৩৩ মাসেরও বেশি সময় পর গত রোববার বিকেলে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামির মধ্যে খুলনার মুরাদ হোসেন (২০) ও বরগুনার আবু শাহাদাত মোহাম্মদ তানভীর (৩১) ঝালকাঠি কারাগারে রয়েছেন। অপর তিন আসামি বরগুনার তালতলী থানার বেল্লাল হোসেন (২৭), ঢাকার উত্তরখানের সগির হোসেন ভূঁইয়া (৩৮) ও আমিনুল ওরফে আমির হোসেন (৩৭) পলাতক।মামালার সর্বশেষ ও পঞ্চম তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পিরোজপুর ক্যাম্পের উপপরিদর্শক মোশারেফ হোসেন এই অভিযোগপত্র দাখিল করেন। এসআই মোশারেফ হোসেন বলেন, জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান ও সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ জঙ্গি নেতাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করায় ঝালকাঠির পিপি হায়দার হোসাইনকে হত্যা করা হয়েছে। এই মামলার আসামিদের মধ্যে মুরাদ হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে মুরাদ স্বীকার করেন, হায়দার হোসাইন জেএমবির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছেন এবং নেতাদের সঙ্গে অসদাচরণ করেছেন। তাই সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে হত্যা করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠিতে দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদকে হত্যার মামলায় আদালত ২০০৬ সালের ২৯ মে শায়খ রহমান ও বাংলা ভাইসহ সাতজনকে ফাঁসির আদেশ দেন। ২০০৭ সালের ২১ মার্চ বিভিন্ন কারাগারে ফাঁসির রায় কার্যকর করা হয়।