৩৩ লাশ উদ্ধার, পরিচয় মিলেছে ১৮ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়জনকে জীবিত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন, অন্তত লাশটা যেন পান—এই আশায় স্বজনের অপেক্ষা। মুন্সিগঞ্জের মাওয়া লঞ্চঘাট থেকে আজ বুধবার তোলা। ছবি: হাসান রাজা
প্রিয়জনকে জীবিত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন, অন্তত লাশটা যেন পান—এই আশায় স্বজনের অপেক্ষা। মুন্সিগঞ্জের মাওয়া লঞ্চঘাট থেকে আজ বুধবার তোলা। ছবি: হাসান রাজা

চার দিনেও হদিশ মেলেনি ‘পিনাক-৬’ লঞ্চের। আজ বৃহস্পতিবার সারা দিন মোট দশটি অনুসন্ধানী লঞ্চ গত সোমবার ডুবে যাওয়া লঞ্চটির খোঁজ চালিয়েছে পদ্মার বুকে। তবে এখনো লঞ্চের কোনো খোঁজ না পাওয়ায় ক্ষোভ অপেক্ষমান স্বজনদের।
আজ বিকেল পর্যন্ত নিখোঁজের অভিযোগ আসা ১৪৬ জনের মধ্যে ৩৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। পদ্মা প্রবাহিত বিভিন্ন জেলায় ভেসে উঠেছে এসব লাশ। এদের মধ্যে ১৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও ১১৪ জন। শরিয়তপুরে ১০ জন, চাঁদপুরে ৪ জন, ভোলায় ৭ জন, লৌহজংয়ে ৪ জন, বরিশালে ৫ জন, লক্ষীপুরে ১ জন ও মাদারীপুরে ২ জনের লাশ পাওয়া গেছে।
অভ্যন্তরীন নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ বিভাগের পরিচালক মোহাম্মদ হোসেন অনুসন্ধান কাজ তদারকি করছেন। তিনি জানিয়েছেন, ‘সব মিলিয়ে আজ বিকেল পর্যন্ত প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার অনুসন্ধান কাজ শেষ হয়েছে। রাতেও অনুসন্ধান চলবে।’
সরেজমিনে পদ্মার লৌহজং টানিং পয়েন্টে (দুর্ঘটনাস্থলের ভাটিতে) গিয়ে দেখা যায় ‘সাব-বটম প্রোফাইলার’ দিয়ে অনুসন্ধান চালাচ্ছে চট্টগ্রাম থেকে আসা ‘কান্ডারি-২’ লঞ্চটি। লঞ্চের বাম পাশে আনুমানিক পাচঁ ফুট দৈর্ঘ্য ও তিন ফুট প্রস্থের হলুদ রঙ্গের একটি যন্ত্র দিয়ে এই অনুসন্ধান চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সিগন্যাল পাওয়া যায়নি।

‘কান্ডারি-২’ এর কমান্ডার ও চট্টগ্রামবন্দরের চিফ হাইড্রোগ্রাফার এম মঞ্জুরুল করিম চৌধুরী বিকেল টেলিফোনে জানান, ‘মোট ছয় কিলোমিটার এলাকার টার্গেট নিয়ে কাজ শুরু করেছি। দুইটা পর্যন্ত ৩০ শতাংশ কাজ শেষ করতে পেরেছি। বেলা দুইটার পর থেকে পৌনে পাচঁটা পর্যন্ত যান্ত্রিক প্রয়োজনে বিশ্রাম নিতে হয়েছে। এখন (বিকেল পাঁচটায়) আবার কাজ শুরু করেছি।’

উল্লেখ্য, ‘কান্ডারি-২’ ছাড়াও আধুনিকযন্ত্রচালিত পদ্ধতিতে অনুসন্ধানরত অন্য চারটি লঞ্চ বিআইডব্লিউটিআইএ’র। এর মধ্যে ‘তিস্তা’ ‘আইটি ৯৭’ ও ‘সন্ধানী’ এই তিনটি লঞ্চ ‘সাইড স্ক্যান সোনার’ দিয়ে অনুসন্ধান চালাচ্ছে। অপর লঞ্চ ‘ব-দ্বীপ’ ‘ইকো সাউন্ডার’ পদ্ধতিতে অনুসন্ধান কাজ চালাচ্ছে। এর বাইরে প্রচলিত পদ্ধতিতে (কনভেনশনাল) নৌ-বাহিনীর দুটি, ফায়ার সার্ভিসের দুটি এবং বিআইডব্লিউটিএ’র একটি করে ছোট লঞ্চ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এদিকে নিখোঁজ একজনের স্বজন হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, চারদিনেও লঞ্চটি উদ্ধার করতে পারেনি। আসলে কর্তৃপক্ষ লঞ্চটিকে উদ্ধার করতেই চায় না। কর্তৃপক্ষের হাবভাব দেখে মনে হচ্ছে এই লঞ্চ পদ্মায় মাটি চাপা দেওয়া হবে। অপর স্বজন আয়শা আক্তার বলেন, ‘একেক সময় একেক কথা কইয়া তারা আমাগো ভুল সান্ত্বনা দিতাছে। নদীতে লাশ ভাইসা উঠতাছে। এইসব উদ্ধারের তাগো কোনো কৃতিত্ব নাই।’

১৮ জনের মধ্যে ১৪ লাশের পরিচয় পাওয়া গেছে

উদ্ধার হওয়া লাশের মধ্যে ১৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে ১৪ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাওয়া ঘাটে পুলিশের স্থাপিত কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ মৃতদেহের পরিচয় হলো—গাজীপুরের কাপাশিয়া উপজেলার ইব্রাহিম হোসেনের মেয়ে ইশরাত হোসেন মিম (১৩), মাদারীপুরের শিবচরের নুরুল হকের মেয়ে হিরা (২২), জব্বার প্রধানের মেয়ে লাকি (২৫), আলম শেখের স্ত্রী হাসি বেগম (৩৮), নূরুল ইসলাম হাওলাদারের ছেলে মিজানূর (৩৫), ফরিদপুরের নগরকান্দার আব্দুল হাই খলিফার মেয়ে রিতা আক্তার (২৫), ঝালকাঠি জেলার কাকরাদিয়ার লুত্ফুর রহমানের ছেলে ফাহাদুল করিম (২৪), ফরিদপুরের নগরকান্দার রিয়াজুল, মানিকনগর গ্রামের মনির উদ্দিনের ছেলে জামাল (২৭), মাদারীপুরের হায়দার চৌকিদারের মেয়ে ইমা (১৮), শিবপুচড়ের রহিম মাদবরের মেয়ে ইপা আক্তার (১৪), রহিম মাদবরের দেড় বছরের সন্তান ইব্রাহিম, বরিশাল বাকেরগঞ্জের শহীদুল ইসলাম জমাদ্দারের ছেলে জাহিদ হোসেন (১৫), হানিফ মাস্টারের ছেলে জাকির হোসেন জুলহাস (৪০), ফরিদপুর সদরপুরের আজিজ মাদবরের ছেলে আবু ইউসুফ (২২)। উদ্ধারকৃত বাকি লাশগুলো মাদারীপুরের শিবচর প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে মাওয়া ঘাটে স্থাপিত মুন্সিগঞ্জ জেলা পুলিশের সাব-কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান প্রথম আলোকে জানান, আমরা পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে লাশ পরিবারের কাছে ক্ষতিপূরণসহ হস্তান্তর করছি।