৩৩ শিক্ষকের পদ শূন্য পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

শিক্ষক-সংকটে চাঁপাইনবাবগঞ্জ সদরের নবাবগঞ্জ সরকারি কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজে শিক্ষকদের ৩৩টি পদ শূন্য রয়েছে। এ কারণে কলেজটি কাঙ্ক্ষিত শিক্ষার মান বজায় রাখতে পারছে না।

কলেজ কার্যালয় সূত্র জানায়, গণিত, উদ্ভিদবিদ্যা, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা, দর্শন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তিনজন করে শিক্ষকের পদ শূন্য রয়েছে। দুজন করে শূন্য রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও রসায়ন বিভাগে। এ ছাড়া প্রাণিবিদ্যা, ইংরেজি, ইতিহাস, পদার্থবিদ্যা, তথ্য ও প্রযুক্তি এবং আরবি ও ইসলামী বিভাগে একটি করে শিক্ষকের পদ শূন্য রয়েছে।

ব্যবস্থাপনা বিভাগের স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ছাত্র আসিফ ইয়াসির বলেন, তৃতীয় বর্ষে তাঁদের কোনো ক্লাস হয়নি। চতুর্থ বর্ষে ক্লাস হয়েছে মাত্র চার দিন। ঠিকমতো পাঠ্যসূচি শেষ করতে প্রথম বর্ষ থেকেই প্রাইভেট পড়তে হচ্ছে। কলেজের লেখাপড়ার মান মোটেও ভালো নয়। এ কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার কথা শোনাই যায় না। থাকলেও দু-একজন কোটায় পান।

একই বিভাগের তৃতীয় বর্ষের সুমন আলী বলেন, প্রাইভেট পড়া ছাড়া গতি নেই। ১০-১২ দিন পড়িয়ে শিক্ষকেরা মাসে ৫০০ টাকা নেন। মানসম্পন্ন শিক্ষকেরও অভাব। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের খুবই কষ্টে পড়তে হয়।

গণিত বিভাগের চতুর্থ বর্ষের আব্বাস উদ্দীন বলেন, পাঠ্যসূচির আটটি বিষয়ের মধ্যে তাঁদের পড়ানো হবে সর্বোচ্চ দুটি বিষয়। এ জন্য প্রাইভেট পড়তে হয়।
উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের জাহিদ হাসান বলেন, দ্বিতীয় বর্ষে তাঁদের মাত্র দু-তিন দিন ক্লাস হয়েছে। সম্মান শ্রেণিতে পড়তে এসে প্রাইভেট পড়ার কথা লজ্জায় বাড়িতে বলতে পারেননি। কিন্তু ভালোভাবে জানতে হলে প্রাইভেট পড়তে হয়। তবে পাস করার জন্য সমস্যা নেই।

ক্লাস না করে, পাঠ্যসূচি ভালোভাবে না পড়ে ও প্রকৃত জ্ঞান অর্জন ছাড়াই শিক্ষার্থীরা স্নাতক বা স্নাতকোত্তর পাস করছেন কীভাবে—এ প্রশ্নের উত্তরে উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান দাউদ হোসেন বলেন, শিক্ষার্থীরা গাইড বই অনুসরণ করছেন। গত তিন বছরে প্রশ্নমালা বিশ্লেষণ করে গুটিকয়েক প্রশ্ন বাছাই করে পড়লেই কমন পেয়ে যান। তাই পাস করা সহজ হয়ে গেছে। তাঁদের নিয়মিত ক্লাস না করলেও চলে। দেশের বড় বড় কলেজগুলোতে শিক্ষক-সংকট তেমন একটা না থাকলেও মফস্বল এলাকার সরকারি কলেজগুলোতে শিক্ষক-সংকট ব্যাপক। মফস্বল শহরে অনেকেই চাকরি করতে চান না বলেই এ সংকট। এ কলেজে চারটি বিভাগে স্নাতকোত্তর ও ১৪টি বিভাগে স্নাতক সম্মান চালু রয়েছে।

রসায়ন বিভাগের প্রধান শংকর কুমার কুণ্ডু বলেন, সেশনজট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ক্র্যাশ প্রোগ্রাম’-এর কারণে আরও ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। ভর্তিপ্রক্রিয়া শেষ না হতেই ওই বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের নির্দেশ চলে আসছে। পাঠ্যসূচি অনুযায়ী পড়ানোর সুযোগই থাকে না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার বলেন,¯স্নাতক সম্মান ও œস্নাতকোত্তর পর্যায়ে প্রতি বিভাগে অন্তত ১২ জন শিক্ষকের পদ থাকা দরকার। কিন্তু এখানে আছে ৫-৬ জনের পদ। সেখানেও ৩৩ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এখানে মানসম্পন্ন শিক্ষা দেওয়া কী করে সম্ভব? তাই প্রকৃত জ্ঞান অর্জন ছাড়াই ডিগ্রি অর্জিত হচ্ছে। প্রতি মাসেই কলেজ থেকে শূন্যপদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু তাতে ঠিকমতো সাড়া মেলে না।