
চাকরি স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল।
এদিকে সমঝোতার লক্ষ্যে গতকাল বিকেল পাঁচটায় শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনায় বসে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। কিন্তু ওই বৈঠক সমাধান ছাড়াই শেষ হয়।
এদিকে খনির অভ্যন্তরে তিন দিন ধরে অবস্থানরত ২৮৫ শ্রমিকের মধ্যে ৩৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে সৈয়দার রহমান (৩৬), আ. কাদের (৩২), মোশারফ হোসেন (৩৩), আবদুর রাজ্জাক (৪০), মামুনুর রশিদ (৩৫), সাজু (৩৫), ফরহাদ আলী (৩৪) ও আমজাদ হোসেনকে (৪১) পাশের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খনির পার্শ্ববর্তী বাঁশপুকুর গ্রামের মনোয়ারা বেগম (৫৫) বলেন, তাঁর দুই ছেলে তহুবার রহমান (৩৫) ও তারিকুল ইসলাম (৩২) খনির ভূগর্ভে কাজ করেন। গত তিন দিনে তাঁরা বাড়িতে না ফেরায় তিনি তাঁদের বর্তমান অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
পাতরাপাড়া গ্রামের খনিশ্রমিক সায়মালের (৪০) স্ত্রী অহেদাকে (৩৪) তাঁর কোলের সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর সর্বশেষ অবস্থা জানতে খনির ফটকে অপেক্ষা করতে দেখা যায়।
বড়পুকুরিয়া শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকেরা অনেকে অসুস্থ হয়ে পড়লেও দাবি না মানা পর্যন্ত তাঁরা তাঁদের অবস্থান ত্যাগ করতে রাজি হননি। ভূগর্ভে অবস্থানরত শ্রমিকদের জন্য গতকালও শুকনা খাবার ও ওষুধ পাঠানো হয়েছে।
এদিকে শ্রমিকদের দাবির ব্যাপারে আলোচনা করতে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল শ্রমিকনেতাদের সঙ্গে বিকেল পাঁচটায় বৈঠকে বসে। জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন পুলিশ সুপার হামিদুল হক, ইউএনও তরফদার মাহমুদুর রহমান, ওসি মোস্তাক আহম্মেদ।
বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মরত ১ হাজার ৪১ জন শ্রমিক গত রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন।