৩৩টি পরিযায়ী পাখি অবমুক্ত, তিন বিক্রেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার গতকাল রোববার দুটি বাজারে অভিযান চালিয়ে ৩৩টি পরিযায়ী পাখি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজন পাখি বিক্রেতাকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন: মোল্লাহাটের রাজপাট গ্রামের লিটন শেখ (২৭), ফকিরহাটের মূলঘর গ্রামের কাওছার মোড়ল (৩৪) ও ফলতিতা গ্রামের বনমালী রায় (৪০)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বাগেরহাট কালেক্টরেটের নির্বাহী হাকিম মেহেদী হাছান জানান, দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা প্রাণী সংরক্ষণ আইন অমান্য করে মোল্লাহাট উপজেলার নসুখালী ও ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে পাখি বিক্রি করছিলেন। গতকাল তিনি ক্রেতা সেজে ফলতিতা বাজারে গিয়ে বনমালী ও কাওছারের কাছ থেকে ১০টি পাখি কিনতে চান। তাঁরা এক হাজার ৩০০ টাকা দাম হাঁকলে তিনি সাড়ে ৮০০ টাকা দিতে চান। কিন্তু তাঁরা এ দামে পাখি বিক্রি করতে রাজি হননি। একপর্যায়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি নসুখালী বাজারে গিয়ে বিক্রেতা লিটন শেখের কাছে পাখি কিনতে চান। একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই তিনজনের কাছ থেকে মোট ৩৩টি পাখি উদ্ধার করা হয়।মেহেদী হাছান আরও জানান, ওই তিনজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।সাজা পাওয়া বনমালী জানান, এলাকায় কয়েকটি স্তরে এই পাখি কেনাবেচা হয়ে থাকে। রাতে বিল, নদীর চর ও ধানখেতে ফাঁদ পেতে টর্চের আলো ফেলে এবং বড়শিতে মাছের টোপ দিয়ে এসব পাখি শিকার করা হয়। শিকারিরা এসব পাখি পাইকারি দরে খুচরা বিক্রেতাদের দেয়। তারা হাটবাজারে এবং গ্রামের নির্দিষ্ট কিছু স্থানে গোপনে বস্তা বা ঝুড়িতে লুকিয়ে রেখে পাখি বিক্রি করে।সাজা পাওয়া ব্যক্তিরা দাবি করেন, তাঁরা মৌসুমি পাখি বিক্রেতা মাত্র। বাগেরহাট সদর, মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার বিলসংলগ্ন বিভিন্ন গ্রামের কয়েক শ ব্যক্তি এই পাখি শিকার ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত।