৩৩টি বোমা মেশিন পানির দরে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশাল বাংলা
বিশাল বাংলা

অবৈধভাবে পাথর তোলার দায়ে জব্দ করা ৩৩টি ‘বোমা মেশিন’ গোপন নিলামের মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে।জানা গেছে, ৩৩টি বোমা মেশিন নিলামে মাত্র এক লাখ ৬১ হাজার টাকায় ক্ষমতাসীন দলের দুই নেতার কাছে বিক্রি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, নিলামে বিক্রি করা এসব যন্ত্রের দাম প্রায় ২০ লাখ টাকা। গত বছর অবৈধভাবে পাথর তোলার দায়ে ভ্রাম্যমাণ আদালত বোমা মেশিনগুলো জব্দ করেন। এসব যন্ত্র এত দিন পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে ছিল। থানা পুলিশের একটি সূত্র জানায়, লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পাটগ্রাম থানায় রক্ষিত মালামাল নিলামে বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। পাটগ্রামের ইউএনওকে কমিটির আহ্বায়ক করা হয়। সদস্য করা হয় উপজেলা প্রকৌশলী ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। ৮ মে ইউএনও আবু হায়াৎ মো. রহমুতুল্ল্যাহ নিলামের ব্যবস্থা করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেদওয়ান সিদ্দিকি, পাটগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেনসহ পাঁচজন নিলামে অংশ নেন। অভিযোগ উঠেছে, ইউএনও কোনো প্রচারণা ছাড়াই এই নিলামের আয়োজন করেন। ইউএনওর দাবি, কমিটির সভাপতি হিসেবে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের চিঠির মাধ্যমে নিলামের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, থানার ওসি নিলাম কমিটির সদস্যসচিব। উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, স্থানীয় জনপ্রতিনিধি ও পাটগ্রাম প্রেসক্লাবের নামে নিলামসংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। কিন্তু পাটগ্রাম প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, এ-সংক্রান্ত কোনো চিঠি প্রেসক্লাবে আসেনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমিন বলেন, নিলামের বিষয়টি তাঁকে জানানো হয়নি এবং তিনি কোনো চিঠিও পাননি।পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন বলেন, তিনি ওই নিলাম কমিটির সদস্যসচিব কি না, তা তিনি নিজেও জানেন না। ইউএনও ও উপজেলা প্রকৌশলী নিলামে উপস্থিত ছিলেন। ৯ মে নিলামকারীরা যন্ত্রগুলো থানা থেকে নিয়ে গেছেন।