চলমান ৩৩তম বিসিএস পরীক্ষার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। তবে এমন অভিযোগ ভিত্তিহীন বলেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল রোববার ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হলে শনিবার সকালেই প্রশ্নপত্র ফাঁসের কথা ওঠে। রাতের মধ্যে হাতে লেখা বিজ্ঞান বিষয়ের উত্তরসহ মোট চার সেট প্রশ্ন অনেক পরীক্ষার্থীর হাতে পৌঁছায়। তবে গতকাল যে প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে, সেখানে ওই চার সেট প্রশ্ন থেকে আংশিক কিছু প্রশ্ন এলেও মূল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু সেগুলোর কোনো মিল ছিল না। তবে পরীক্ষার্থীরা দাবি করেছেন, ১০০ নম্বরের মধ্যে অন্তত ৪০ নম্বরই চারটি সেট থেকে এসেছে। তবে পিএসসির চেয়ারম্যান এ টি আহমেদুল কবির প্রথম আলোকে বলেছেন, ‘একেকটি পরীক্ষার জন্য আমরা অসংখ্য সেট প্রশ্নপত্র তৈরি করি। এরপর লটারি করে সিদ্ধান্ত হয়, কোন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। বিজ্ঞান বিষয়টি ‘জুন’ কোডের যে প্রশ্নপত্রে হয়েছে তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল নেই।’ চার হাজার ২০৬টি শূন্যপদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পৌনে দুই লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। গত ২৮ জুন প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়। ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৬ অক্টোবর রাতে আকস্মিকভাবে পরীক্ষা স্থগিত করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এরপর ১৯ ডিসেম্বর থেকে আবার লিখিত পরীক্ষা নেওয়া শুরু হয়।