নির্ধারিত সময়ে আবেদন করলেও কারিগরি ত্রুটির কারণে প্রক্রিয়া শেষ করতে না পারা রিট আবেদনকারীদের ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সে ব্যাপারে কারণ দর্শাতে রুল জারি করেছেন হাইকোর্ট। পাঁচ পরীক্ষার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার এই রুল জারি করেন। পিএসসির চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মেহেদি হাসান, মহিবুল্লাহ, শিল্পী আকতার, মৌসুমি আক্তারসহ মোট পাঁচজন প্রার্থী এই রিট আবেদন করেন।আবেদনকারীদের আইনজীবী অনীক হক প্রথম আলোকে বলেন, ‘আদালতকে আমরা বলেছি, এই পরীক্ষার্থীরা পিএসসির সব নির্দেশ মেনে নির্ধারিত সময়ে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছেন। তাঁরা সবাই নির্ধারিত সময়ের আগেই টেলিটকে এসএমএস পাঠিয়েছেন এবং পিন কোড পেয়েছেন। কিন্তু টেলিটক তাঁদের টাকা কাটেনি। টেলিটকের কারিগরি সমস্যার কারণেই এই সমস্যা হয়েছে। কাজেই আইন অনুযায়ী তাঁরা পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিদার। আদালত সব শুনে পিএসসির চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের প্রতি রুল জারি করেন।’