মোবাইল অপারেটরদের কাছ থেকে সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) খাতে কীভাবে টাকা আদায় করা হবে বা খরচ করা হবে, সেই বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। অথচ গত দুই বছরে এরই মধ্যে ওই খাতে অপারেটরদের কাছ থেকে ৩৩০ কোটি টাকা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিধিমালা না থাকায় এই টাকা খরচও করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের প্রত্যন্ত এলাকায় টেলিযোগাযোগের অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০১০ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধন করে ওই আইনে সামাজিক দায়বদ্ধতা তহবিল নামের একটি খাত তৈরি করা হয়। ২০১১ সালে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন করার সময় তাদের রাজস্ব আয়ের ১ শতাংশ করে সামাজিক দায়বদ্ধতা খাতে দেওয়া বাধ্যতামূলক করে বিটিআরসি।
বিটিআরসির সূত্রমতে, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই খাতে ৩৩০ কোটি টাকা আদায় করা হয়েছে। দেশের ছয় মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোনের কাছে ১৭০ কোটি টাকা, রবি ও বাংলালিংক প্রতিটির কাছে ৭০ কোটি টাকা ও এয়ারটেলের কাছ থেকে ২০ কোটি টাকা আদায় করা হয়েছে। তবে এই খাতে সিটিসেল ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক কোনো টাকা দেয়নি।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সামাজিক দায়বদ্ধতা খাতে টাকা আদায় নিয়ে বিটিআরসি অস্বস্তিতে আছে। এই টাকা অলস পড়ে আছে। এ-সংক্রান্ত বিধিমালা না থাকায় এই টাকা খরচও করা যাচ্ছে না।
বিটিআরসি সূত্র জানায়, মোবাইল অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বিটিআরসিকে সামাজিক দায়বদ্ধতা তহবিলের খরচ নিয়ে বিধিমালা তৈরির তাগিদ দেওয়া হয়। এই কারণে বিটিআরসি একটি বিধিমালা তৈরি করে আইনগত দিক যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।
জানতে চাইলে বিটিআরসির লিগ্যাল ও লাইসেন্স বিভাগের কমিশনার আবদুস সামাদ বিধিমালা তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তবে সেটি আইন মন্ত্রণালয় থেকে কবে ফেরত পাঠানো হতে পারে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
এদিকে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব বলেছে, সামাজিক দায়বদ্ধতা খাতে তাদের কাছে টাকা আদায় করা হলেও বিটিআরসি নিজেদের মতো করে বিধিমালা প্রণয়ন করছে। বিধিমালার খসড়া করার ক্ষেত্রে এমটবের সঙ্গে কোনো আলোচনাও করেনি। এমটব বলছে, দায়বদ্ধতা খাতের টাকা কীভাবে খরচ করবে, কোথায় খরচ হবে—এসব নিয়ে তাদের সংগঠনের বেশ কিছু সুপারিশ ছিল, কিন্তু বিটিআরসি তা আমলে নেয়নি।
জানতে চাইলে এমটবের মহাসচিব নুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছু সুপারিশ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি, তা বিবেচনায় নিয়ে একটি যৌক্তিক বিধিমালা প্রণয়নের মধ্য দিয়ে উপযুক্ত খাতে এই টাকা খরচ করা হবে।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, সামাজিক দায়বদ্ধতা তহবিলের টাকা টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে ব্যয় হবে। পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন ও দুর্গম চরের যেসব এলাকায় এখনো মোবাইল নেটওয়ার্ক পৌঁছায়নি, সেসব এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে এই তহবিলের টাকা ব্যয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া দুর্যোগকালে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে তা মেরামতকাজে এ তহবিলের অর্থ ব্যয় করার পরিকল্পনাও রয়েছে।