সরকারের সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় যাওয়া বিডিআরের প্রতিনিধিদলে ছিলেন নায়েক সালাউদ্দীন। সেদিন (২৬ ফেব্রুয়ারি) তাঁর পরনে ছিল বিশেষ সমর পোশাক (এফএসএমও)। এ তথ্য উপস্থাপনের পরও নিজেকে নির্দোষ দাবি করলেন তিনি। বিডিআরে বিদ্রোহ মামলার বিচারের জন্য পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ গতকাল মঙ্গলবার শুনানি হয়। পিলখানা সদর দপ্তরের বিভিন্ন পরিদপ্তর, শাখা ও সংযুক্ত ইউনিটের অভিযুক্ত ৩৩৭ জওয়ানকে ‘দোষী না নির্দোষ’ জিজ্ঞেস করেন আদালত। এদের মধ্যে মাত্র দুজন দোষ স্বীকার করেন ও ৩৩৫ জন অস্বীকার করেন। এর আগে দুই দিনে তাঁদের বিরুদ্ধে আনীত ১১ ধরনের অভিযোগ পড়ে শোনানো হয়। আগামী ২৬ ডিসেম্বর এই মামলার সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত।গতকাল সকাল সোয়া ১০টার দিকে আদালত শুরু হয়। দুই দফা বিরতি দিয়ে আদালত চলে বেলা তিনটা পর্যন্ত। বিশেষ আদালত-১০-এ গতকাল সভাপতিত্ব করেন বিডিআরের যোগাযোগ পরিদপ্তরের পরিচালক খোন্দকার ওবায়দুল আহসান। বিচারকাজে সহায়তার জন্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম, মেজর এস এম কাওসার ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মেজর মোকাইদ মো. আলী। এ ছাড়া বিশেষ প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল, শাহনেওয়াজসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।আর আগে গত কার্যদিবসে ১৬০ জনকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়েছিল। গতকাল বাকি ১৭৭ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়। তাঁদের বিরুদ্ধে ১১ ধরনের অভিযোগ উত্থাপন করা হয়েছে। একটু ব্যতিক্রমী অভিযোগ ওঠে সেপাই খায়রুল ইসলামের বিরুদ্ধে। বিদ্রোহের সপ্তাহখানেক আগে খায়রুল মেজর পদমর্যাদার এক কর্মকর্তাকে বিদ্রোহের সাজা সম্বন্ধে জিজ্ঞেস করেন। উত্তরে ওই কর্মকর্তা খায়রুলকে বলেন, বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড। তখন খায়রুল ওই কর্মকর্তাকে শুধরে দিয়ে বলেন, মৃত্যুদণ্ড না, বিদ্রোহের শাস্তি সাত বছরের জেল। পিলখানা থেকে বেঁচে ফিরে ওই কর্মকর্তা পরে এ কথপোকথনের তথ্য প্রকাশ করেন। গতকাল খায়রুলকে এ ভাষ্য জানানো হয়। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।নায়েক আবুল কালাম আজাদ ও হাবিলদার (ড্রাফটসম্যান) পরিতোষ চক্রবর্তী নিজেদের দোষ স্বীকার করেন। দোষী না নির্দোষ—জিজ্ঞাসার শুরুতেই আদালতের সভাপতি বলেন, যাঁরা দোষ স্বীকার করবেন তাঁদের প্রতি আদালত সহানুভূতি দেখাবেন। ক্ষেত্রবিশেষে বেকসুর খালাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে।গতকাল যেসব পরিদপ্তর ও শাখার সদস্যের বিচার হয় সেগুলো হলো—মহাপরিচালকের সচিবালয়, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর, চিকিৎসা পরিদপ্তর, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ শাখা, হিসাব শাখা এবং রাইফেলস ক্রীড়া বোর্ড (আরএসবি)।