৩৩৮ বছরের শাহবাজ মসজিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শাহবাগের দিকে যেতে তিন নেতার কবরের পূর্ব পাশের পুরোনো মসজিদটিই হজরত হাজি খাজা শাহবাজ মসজিদ। ঢাকার ৩৩৮ বছরের ইতিহাসের সাক্ষী এই মসজিদ। ঢাকা নগর জাদুঘর এবং ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী গ্রন্থে এই মসজিদের পুরোনো একটি ছবি পাওয়া যায়। ঢাকার ধনাঢ্য বণিক ও সুফি শাহজাদা খাজা শাহবাজ ১৬৭৯ সালে এই মসজিদ এবং তাঁর জন্য একটি সমাধিস্থল নির্মাণ করেছিলেন। ‘বাংলাপিডিয়া’র তথ্য অনুযায়ী, শাহজাদা মুহম্মদ আজমের সুবাহদারির সময়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের প্রধান প্রবেশপথের ওপরে স্থাপিত শিলালিপিতেও সেই তথ্য ছিল। ইতিহাসবিদ শরীফ উদ্দিন আহমেদ সম্পাদিত ঢাকাকোষ-এও একই তথ্য দেওয়া আছে। ইতিহাসের তথ্য অনুযায়ী, হাজি শাহবাজ ছিলেন একজন অভিজাত ব্যবসায়ী। কাশ্মীর থেকে তিনি এই বাংলায় আসেন। মসজিদটি মাটির উঁচু ভিটির ওপর নির্মিত। এর তিনটি গম্বুজ আছে। গম্বুজগুলো কলসচূড়া দ্বারা সজ্জিত। মসজিদের দৈর্ঘ্য ৬৮ এবং প্রস্থ ২৬ ফুট। উত্তর ভারতের মোগলরীতির নকশায় মসজিদটি নির্মিত। এর মিম্বর কালো পাথরের। বাইরের লাল রঙের কারণে মসজিদটি একসময় লাল মসজিদ নামেও পরিচিতি পায়। এর তিনটি গম্বুজের কারণে অনেকে একে তিন গম্বুজ মসজিদও বলেন। লোকশ্রুতি রয়েছে, খাজা শাহবাজ টঙ্গী থেকে এসে জিনদের নিয়ে এই মসজিদে নামাজ পড়তেন। সে জন্যই এর নাম জিনের মসজিদও। মৃত্যুর পর মসজিদের আঙিনাতেই খাজা শাহবাজকে সমাহিত করা হয়। তাঁর সমাধিসৌধ এখন খাজা শাহবাজের দরগা নামে পরিচিত। এর কাঠামোও অনেকটা মসজিদের আদলে করা। তিন নেতার কবরের সামনের রাস্তা দিয়ে একটু এগোলেই মসজিদটির প্রবেশপথ। এই মসজিদকে সংরক্ষিত প্রত্নসম্পদ ঘোষণা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ড ঝুলিয়েছে। তাতে মসজিদটির অনিষ্ট বা বিকৃত না করার নির্দেশনা দেওয়া আছে। সাইনবোর্ড পেরিয়ে সিঁড়ি দিয়ে ডান দিকে গেলেই মসজিদ। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া এই মসজিদের কাছেই ঢাকাগেট, যার নির্মাণকাজ শুরু হয়েছিল মসজিদ নির্মাণের ২০০ বছর পর। অনেকেই মনে করেন, শাহবাজের মসজিদটিই রমনা এলাকার প্রথম স্থাপনা। লেখা: শরিফুল হাসান। ছবি: সাইফুল ইসলাম।