৩৪ ওষুধ কোম্পানির বিরুদ্ধে রিটের রায় ১৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক সরবরাহ, বিক্রি বন্ধ ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনাসংক্রান্ত রিটের রায় ঘোষণার নতুন তারিখ ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই দিন ধার্য করেন।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, গত ৩১ জানুয়ারি এই ৩৪টি কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রুলের শুনানি শেষ হয়। রায় ঘোষণার দিন ছিল গতকাল বৃহস্পতিবার। আদালত আগামী সোমবার রায় ঘোষণার নতুন দিন ঠিক করেছেন।
এর আগে গত বছরের ৭ জুন মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০টি কোম্পানিকে সাত দিনের মধ্যে সব ধরনের ওষুধ ও ১৪টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ৩৪টি কোম্পানির ওষুধ ও অ্যান্টিবায়োটিক উৎপাদনের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক, ওষুধ শিল্প সমিতির সেক্রেটারি জেনারেলসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
যে ২০টি কোম্পানিকে সব ধরনের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়: এক্সিম ফার্মাসিউটিক্যালস, এভার্ট ফার্মা, বিকল্প ফার্মাসিউটিক্যালস, ডলফিন ফার্মাসিউটিক্যালস, ড্রাগল্যান্ড, গ্লোব ল্যাবরেটরিজ (প্রাইভেট) লিমিটেড, জলফা ল্যাবরেটরিজ, কাফমা ফার্মাসিউটিক্যালস, মেডিকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ড্রাগ ফার্মা, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস, রেমো কেমিক্যালস (ফার্মা ডিভিশন), রিড, স্কাইল্যাব, স্পার্ক, স্টার, সুনিপুণ, টুডে, ট্রপিক্যাল ও ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস।
যে ১৪টি কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়: আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যাল, আলকাদ ল্যাবরেটরিজ, বেলসেন ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যালস (ফার্মা), ব্রিস্টল ফার্মা, ক্রিস্টাল ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, মিল্লাত ফার্মাসিউটিক্যালস, এমএসটি ফার্মা অ্যান্ড হেলথকেয়ার, অরবিট ফার্মাসিউটিক্যালস, ফার্মিক ল্যাবরেটরিজ, ফিনিক্স কেমিক্যাল ল্যাবরেটরি, রাসা ফার্মাসিউটিক্যালস ও সেভ ফার্মাসিউটিক্যালস।
রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এতে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ এসব কোম্পানির লাইসেন্স বাতিলে নির্দেশনা চাওয়া হয়।