৩৪ কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ২৭টি পদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন বঞ্চিত প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করে বলেন, গত শুক্রবার ওই ২৭টি পদসহ আরও সাতটি সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা হয়। ওই দুই পদে সকাল ১০টা থেকে এক ঘণ্টা ২০ মিনিটের ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় ৪ হাজার ৯৩০ পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার খাতায় ডি কোড ব্যবহার করা হয়নি। ওই পরীক্ষার্থীদের উত্তরপত্র স্বল্প সময়ের মধ্যে মূল্যায়ন করে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয় রাত তিনটার দিকে। পরে গত রোববার ও সোমবার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়ে গতকাল মঙ্গলবার তাঁদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেখিয়ে, তড়িঘড়ি করে কাজে যোগদান দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে তাঁরা আরও অভিযোগ করে বলেন, অর্থ-বাণিজ্যের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ কারণে সব উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন না করেই ওই ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা চাকরিপ্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
বঞ্চিত প্রার্থীদের পক্ষে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থী কাজী জাহাঙ্গীর ওয়ার্সী। এ সময় উপস্থিত ছিলেন এই পদের প্রার্থী জোনায়েদ বিন হোসেন, রফিকুল ইসলামসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আলমগীর হোসেন প্রমুখ।
রফিকুল ইসলাম বলেন, ‘লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ভালো দিয়েছি। আমার চেয়েও খারাপ পরীক্ষা দিয়ে অনেকের চাকরি হয়েছে। যথাযথ মূল্যায়ন হলে আমার মতো মেধাবীরা চাকরির সুবিধা থেকে বঞ্চিত হতেন না।’
ওয়াদুদ রহমান বলেন, ‘আমরা স্বচ্ছ নিয়োগ-প্রক্রিয়া চাই। যাতে প্রকৃত মেধাবীরা সুযোগ পান।’
জাহাঙ্গীর ওয়ার্সী বলেন, ‘পক্ষপাতিত্ব ও প্রহসনের ওই পরীক্ষা এবং নিয়োগ-প্রক্রিয়া স্থগিতের দাবিতে গত সোমবার যুগ্ম জেলা জজ আদালতে আমি একটি মামলা দায়ের করি। এর পরিপ্রেক্ষিতে ওই নিয়োগ-প্রক্রিয়া থেকে বিরত থাকার জন্য কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জানতে চেয়েছেন আদালত।’
ওই মামলার বাদীর আইনজীবী শাহ মোহাম্মদ ফারুক হোসেন বলেন, মামলার বিবাদী গতকাল সকালে আদালতে এক মাসের সময় প্রার্থনা করেন। আদালত সেটি গ্রহণ করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘তাঁদের অভিযোগ সত্য না। আমার জানা মতে, নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের কিছু নেই। বিভাগীয় কমিশনারকে প্রধান করে পাঁচ সদস্যের নিয়োগ কমিটি যথাযথভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে নিয়োগ প্রদান করেছে। মামলার বিষয়টি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।’
এর আগে গত সোমবার রাত ১১টার দিকে স্থানীয় চৌরঙ্গী মোড় থেকে ওই নিয়োগ-প্রক্রিয়া বাতিলের দাবিতে বঞ্চিত প্রার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন। এ সময় বাজার ট্রাফিক মোড়ে একটি পথসভায় বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, দীপক চক্রবর্তী, ওয়াদুদ রহমান প্রমুখ।