৩৪ কোটি টাকায় একই সফটওয়্যার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ নিয়ে প্রয়োজন ছাড়াই প্রায় ৩৪ কোটি টাকায় সফটওয়্যার কিনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। টাইগার আইটি নামের একটি প্রতিষ্ঠান থেকে এএফআইএস (অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম) সফটওয়্যার কেনা হচ্ছে। একই সফটওয়্যার ২০১০ সালে প্রায় ৫০ কোটি টাকা দিয়ে টাইগার আইটির কাছ থেকেই কেনা হয়েছিল।
আগের সফটওয়্যারটি ভোটার তথ্যের ত্রুটি শনাক্তে ব্যর্থ হওয়ার পরেও টাইগার আইটি থেকে একই সফটওয়্যার কিনতে ইসি তাদের জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের প্রস্তাবটির অনুমোদন দিয়েছে। অথচ সফটওয়্যার কেনা নিয়ে দরপত্র-পূর্ববর্তী সভায় বলা হয়েছিল, বর্তমানে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে দ্বৈত ভোটার শনাক্ত করায় যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, তা এক-দেড় কোটি টাকা ব্যয়েই হালনাগাদ করা সম্ভব।
২০১৩ সালের ২২ জুলাই ইসি ও টাইগার আইটির যৌথ সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ইসির ভোটার তথ্যভান্ডারে (ডেটা সেন্টার) দ্বৈত ভোটার রয়েছে। অনেক ক্ষেত্রে কেন্দ্র ও মফস্বলের ভোটারের হিসাবে মিল পাওয়া যায় না। কারণ, টাইগার আইটির সরবরাহ করা আগের সফটওয়্যার সঠিকভাবে কাজ করছে না। তখন ইসি বিদ্যমান ভোটার তালিকার ত্রুটি দূর করার জন্য নতুন সফটওয়্যার কেনার সিদ্ধান্ত নেয়। এ জন্য ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শর্তে বলা হয়েছে, সরবরাহ করা এএফআইএস ২০ কোটি ভোটারের তথ্য যাচাইয়ে সক্ষম হতে হবে। ইসির বিদ্যমান এএফআইএসটি ১০ কোটি ভোটারের জন্য। দরপত্রের বাকি শর্তাবলি ২০১০ সালে এএফআইএস কেনাসংক্রান্ত দরপত্রের শর্তের অবিকল।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান হাফিজ এম হাসান প্রথম আলোকে বলেন, যে সফটওয়্যার সঠিকভাবে কাজ করছে না, নতুন করে সেই সফটওয়্যার ব্যবহার করা হলে তা কার্যকর ফল দেবে না। এতে অযথাই রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে। কারণ, দুর্বল সফটওয়্যারের ত্রুটিপূর্ণ তথ্য ছাঁকার (ফিল্টারিং) জন্য ভিন্ন কারিগরি নির্দেশনার (টেকনিক্যাল স্পেসিফিকেশনস) শক্তিশালী সফটওয়্যার প্রয়োজন। দরপত্রের শর্তে এটা উল্লেখ থাকা বাঞ্ছনীয় ছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টাইগার আইটির কাছ থেকে ইসি সচিবালয় ও নিবন্ধন বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে এই সফটওয়্যার কেনা হচ্ছে। টাইগার আইটিকে কাজ দিতেই দরপত্রে আগের শর্তাবলি রাখা হয়েছে। আর টাইগার আইটি আগের সফটওয়্যারটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বায়ো-কির কাছ থেকে কিনে সরবরাহ করেছিল। বায়ো-কির ওয়েবসাইট বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৩ সালে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বেশ কয়েক বছরের জন্য প্রতিষ্ঠানটির উপদেষ্টা ছিলেন। টাইগার আইটি বায়ো-কিকে সঙ্গে নিয়ে ২০০৭-০৮ সালে জাতীয় পরিচয় বা ভোটার নিবন্ধনের কাজ করেছিল।
ইসি সচিবালয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় এএফআইএস কেনার দরপত্রের প্রাথমিক শর্তাবলিতে দুর্নীতি এড়াতে মূল্যায়ন কমিটিতে ব্যক্তিকে না রেখে প্রতিষ্ঠানকে রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে নিবন্ধন বিভাগের সেই সময়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমেদ খানকে বদলি করে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়। নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিনের সময়ে কয়েকজন ব্যক্তিকে নিয়ে মূল্যায়ন কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে জানতে মূল্যায়ন কমিটির প্রধান সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিনের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলে জবাবে তিনি ব্যস্ত আছেন বলে জানান। এরপর একাধিকবার ফোন করে তাঁকে পাওয়া যায়নি। একই কমিটির সদস্য ও ইসি সচিবালয়ের উপপ্রধান আমজাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার কথা বলা উচিত হবে না।’
ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘একই সফটওয়্যার দ্বিতীয়বার কেনার বিষয়ে প্রশ্ন ওঠা যৌক্তিক। কিন্তু আমরা তো কারিগরি বিষয়ে তেমন কিছু জানি না। মূল্যায়ন কমিটির মতামত নিয়ে টাইগার আইটিকে কাজ দেওয়ার বিষয়টি অনুমোদন হয়েছে।’
প্রথম আলোর লিখিত প্রশ্নের জবাবে টাইগার আইটি জানিয়েছে, তাদের এএফআইএস সফটওয়্যার সঠিকভাবে কাজ করছে। নির্বাচন কমিশনের বিবেচনাধীন থাকায় একই সফটওয়্যার দ্বিতীয়বার সরবরাহ করার প্রশ্নে কোনো মন্তব্য করা যাবে না।