৩৪ কোম্পানির ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০ কোম্পানির সব ধরনের ওষুধ ও ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধই থাকছে। এসব কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের বিষয়ে আগের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গতকাল সোমবার রায় দেন। এখন এই কোম্পানিগুলো ওষুধ তৈরি বা বিক্রি করছে কি না এবং কোম্পানির পরিস্থিতি তদারকি করে প্রতি তিন মাস পর পর ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি চলমান তদারকিতে থাকবে বলে জানিয়েছেন আদালত।
আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এভার্ট ফার্মা লিমিটেড ও এমএসটি ফার্মা অ্যান্ড হেলথকেয়ার লিমিটেড—এই তিন কোম্পানি শুনানিকালে জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) নীতিমালা অনুসারে তাদের ওষুধ উৎপাদনের লাইসেন্স আছে।
রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, এমন দাবি করা কোম্পানি ঔষধ প্রশাসনে আবেদন করলে, তা যাচাইয়ের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকারের ঔষধ প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ, বিশেষজ্ঞ কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি হবে। এসব কোম্পানি ঔষধ প্রশাসনে আবেদন করলে কমিটি তা যাচাই করে জিএমপি লাইসেন্সের জন্য সুপারিশ করলে কর্তৃপক্ষ তা বিবেচনা করবে বলা হয়েছে।
যাদের ওষুধ উৎপাদন বন্ধ থাকবে
এক্সিম ফার্মাসিউটিক্যালস, এভার্ট ফার্মা লিমিটেড, বিকল্প ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্লোব ল্যাবরেটরিজ (প্রাইভেট) লিমিটেড, মেডিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডলফিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ড্রাগল্যান্ড লিমিটেড, জালফা ল্যাবরেটরিজ লিমিটেড, কাফমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল ড্রাগ ফার্মা লিমিটেড, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রিমো কেমিক্যালস লিমিটেড (ফার্মা ডিভিশন), রিড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সুনিপুণ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টুডে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই কোম্পানিগুলোর মধ্যে শেষের ১১টি কোম্পানির লাইসেন্স ইতিমধ্যে সরকার বাতিল করেছে। সরকারের এই সিদ্ধান্ত আদালত বহাল রেখেছেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ২০টির সব ওষুধ ও ১৪টির অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধে ইতিপূর্বে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন।
যাদের অ্যান্টিবায়োটিক উৎপাদন নিষেধ
এই ১৪ প্রতিষ্ঠান হলো আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আলকাদ ল্যাবরেটরিজ লিমিটেড, বেলসেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যালস (ফার্মা) লিমিটেড, ব্রিস্টল ফার্মা লিমিটেড, ক্রিস্ট্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিল্লাত ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমএসটি ফার্মা অ্যান্ড হেলথকেয়ার লিমিটেড, অরবিট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেড, পনিক্স কেমিক্যাল ল্যাবরেটরি লিমিটেড, রাসা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সেভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এসব কোম্পানির ওষুধ বাজারে বিক্রি হচ্ছে বলে গত বছরের ২৮ জুন ‘মানহীন ৩৪ কোম্পানির ওষুধ এখনো বাজারে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে একটি সম্পূরক আবেদন করে এইচআরপিবি। শুনানি নিয়ে গত ৮ আগস্ট হাইকোর্ট ২০ কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক সরবরাহ, বিক্রি বন্ধ ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন।