৩৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের কিশোরদের ভয়ংকর প্রতিবাদ, ছয়জনের পলায়ন ও ভাঙচুরের ঘটনায় ৩৪ কর্মকর্তা-কর্মচারীকে অভিযুক্ত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে৷
ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি গতকাল বুধবার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের কাছে প্রতিবেদন জমা িদয়েছে৷ এতে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়৷
কেন্দ্র সূত্রে জানা গেছে, এ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীর ৪৯টি অনুমোদিত পদের বিপরীতে রয়েছেন ৩৫ জন৷ তাঁদের মধ্যে পাঁচজন কর্মকর্তা ও ৩০ জন কর্মচারী৷
তদন্ত প্রতিবেদনে কেন্দ্রের ১০টি বিষয়ে অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে৷ এসব রোধে ১৫টি সুপারিশ করা হয়৷ এতে বলা হয়, গত ৪ মে কেন্দ্রে সহিংসতা চলাকালে কেন্দ্রের সহকারী পরিচালক ছাড়া সব কর্মকর্তা-কর্মচারী নিষ্ক্রিয় ছিলেন৷
প্রতিবেদনে ছয় কিশোরের পলায়নের জন্য কেন্দ্রের প্রধান প্রহরী নুরুল ইসলাম, প্রহরী সিরাজুল ইসলাম ও ওয়ার্ডার সাইফুল ইসলামকে দায়ী করা হয়েছে৷ এতে উল্লেখ করা হয়, সন্ধ্যায় নিয়মবহির্ভূতভাবে সাত কিশোরকে ডরমেটরির বাইরে রেখে ও কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নুরুল ও সাইফুল বাইরে চা খেতে যান৷ একই সময় প্রহরী সিরাজুল ডরমেটরির ভেতরে যান৷ তখন ওই কিশোরেরা পালিয়ে যায়৷ ওই তিন কর্মচারীর যোগসাজশেই এ ঘটনা ঘটেছে৷
প্রতিবেদনে বলা হয়, শরীরচর্চা প্রশিক্ষক, সহকারী তত্ত্বাবধায়ক, প্রধান প্রহরীসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কিশোরদের শারীরিকভাবে নির্যাতন ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে৷
তদন্ত প্রতিবেদনে যেসব সুপারিশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, বয়স-অপরাধের গুরুত্ব বিবেচনায় অপেক্ষাকৃত ভদ্র ও কোমলমতি কিশোরদের অন্যদের থেকে আলাদা রাখার ব্যবস্থা করা৷ নয় বছরের কম বয়সী শিশুদের মুক্তি দেওয়া ও ১৮ বছরের বেশি বয়সীদের কারাগারে পাঠানো৷ অভিভাবকদের সঙ্গে কিশোরদের সাক্ষাতের সময় বাড়ানো, তাঁদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ দেওয়া, কেন্দ্রে একজন নিয়মিত চিকিৎসক পদায়ন এবং বিনোদনসামগ্রী বাড়িয়ে কিশোরদের বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করা৷
গত ৪ মে কেন্দ্রের ১৫ কিশোর জানালার ভাঙা কাচ দিয়ে নিজেদের শরীর ক্ষতবিক্ষত করে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়৷ এ সময় তারা কেন্দ্রের বিভিন্ন ভবনের জানালার কাচ, পুলিশ ফাঁড়ি ও পুলিশের গাড়ি ভাঙচুর করে৷ ওই দিন কেন্দ্র থেকে পালিয়ে যায় দুই কিশোর৷ ১০ মে আরও ছয় কিশোর পালিয়ে যায়৷ এসব ঘটনা তদন্তে জেলা হাকিম মুহাম্মদ সোহেল হাসানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমটি গঠন করা হয়৷