৩৪ দিন পরও থানায় পৌঁছায়নি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে লাঞ্ছিত করার মামলার চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ৩৪ দিন পেরিয়ে গেলেও তা থানায় এসে পৌঁছায়নি।

মামলার আরজি, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নানা বিষয় নিয়ে উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী দাস ও সহকারী শিক্ষক মণি রানী তালুকদারের সঙ্গে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সর্বানন্দ তালুকদারের বিরোধ চলছিল। গত ৩ মার্চ সর্বানন্দ তালুকদার সাত-আটজন লোক নিয়ে বিদ্যালয়ে গিয়ে দিপালী রানী দাস ও মণি রানী তালুকদারকে লাঞ্ছিত করেন। ৯ মার্চ দিপালী রানী দাস বাদী হয়ে সর্বানন্দ তালুকদারসহ পাঁচজনকে আসামি করে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ৭ এপ্রিল ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে সর্বানন্দ তালুকদারসহ চারজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১১ এপ্রিল ট্রাইব্যুনাল থেকে ওই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। আর সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে স্মারক নম্বর ১৫৮৮ (৪) ভি মামলা নম্বর ১২৬/২০১৬ মূলে তা ধরমপাশা থানার এক পুলিশ কনস্টেবলের মাধ্যমে ১৯ এপ্রিল ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। কিন্তু এখনো তা ধরমপাশা থানায় এসে পৌঁছায়নি।

মামলার বাদীর স্বামী দুলাল তালুকদার বলেন, ‘মামলার আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা ওই মামলা তুলে নেওয়ার জন্য আমি ও আমাদের লোকজনকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। এত দিন হলো মামলার আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলেও তারা দিব্যি এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে। পুলিশ তা নিজ চোখে দেখলেও এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

সর্বানন্দ তালুকদার তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। ওই মামলায় বিশেষ সুবিধা পেতে বাদীপক্ষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।’

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা গতকাল রোববার পর্যন্ত থানায় এসে না পৌঁছায় আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’