৩৪ বছর পর ‘চৌদোলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাত্র’ সম্প্রদায় সিলেটের একটি ক্ষুদ্র আদিবাসী গোষ্ঠী। শহরতলির দলইপাড়া গ্রামে এদের বাস। এই আদিবাসী গোষ্ঠীর হারিয়ে যাওয়া বিয়ের রীতি হচ্ছে ‘চৌদোলা’। এই রীতির মূল বৈশিষ্ট্য হলো যৌতুকহীন বিয়ে। পাত্রপক্ষ কোনো যৌতুক বা উপঢৌকন ছাড়া কনেকে ঘরে তোলে। ৩৪ বছর আগে ষষ্ঠী পাত্রর (৪৬) বিয়ে হয় এই রীতিতে। এরপর পাত্র সম্প্রদায়ের মধ্যে ‘চৌদোলা’ রীতিতে বিয়ে প্রায় হারিয়ে যেতে বসেছিল।গতকাল সোমবার দলইপাড়ায় ফের ‘চৌদোলা’ রীতিতে একটি বিয়ের অনুষ্ঠান হলো। পাত্র ষষ্ঠী পাত্ররই বড় ছেলে জগাই পাত্র (২৫)। তিন মেয়ে ও দুই ছেলের মা ষষ্ঠী পাত্রর বড্ড ইচ্ছে ছিল বড় ছেলেকে তিনি ঐতিহ্যবাহী ‘চৌদোলা’ রীতিতে বিয়ে দেবেন। দলইপাড়ার গ্রামপ্রধান লক্ষ্মীলাল পাত্র (৫৫) বলেন, ‘এই বিয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বোধ বজায় রাখতে বিয়েতে যৌতুক না নেওয়া।’ যৌতুক বা পণ দেওয়া হলে বিয়ে আপনাআপনি ভেঙে যায় বলে ‘পাত্র’ সম্প্রদায়ের প্রবীণেরা জানালেন।গৃহস্থ পরিবারের গৃহবধূ ষষ্ঠী পাত্র স্বামীহারা এক নারী। পরিবারে তাঁর বড় ছেলে জগাই একমাত্র রোজগার করেন। ‘পাত্র’ রীতিতে তিনি ছেলেকে প্রতিবেশী মৃত মতিন্দ্র পাত্রের মেয়ে দিবানী পাত্রের (২২) সঙ্গে বিয়ে দিয়েছেন। আগন্তুক দেখে ষষ্ঠী পাত্র হাতজোড় করে নমস্কার জানিয়ে বললেন, ‘আশীর্বাদ কইরেন। আমার মনে একটাই আশা আছিল। আইজকু আশা পূর্ণ হইল...।’ তিনি জানালেন, ১৯৭৬ সালে এক গোধূলিলগ্নে চৌদোলা রীতিতে তাঁর বিয়ে হয়েছিল।সিলেট সদর উপজেলার উত্তর-পূর্বের পাহাড় টিলার কয়েকটি বসতি এলাকায় বিচ্ছিন্নভাবে পাত্রদের বসবাস। এর মধ্যে খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়া গ্রামে ৭০০ ‘পাত্র’ পরিবার বসবাস করে।গ্রামপ্রধান লক্ষ্মীলাল পাত্র জানান, পাত্ররা বংশ পরম্পরায় হিন্দু ধর্মালম্বী। জগাই ও দিবানী পাত্রের বিয়ে পড়ানো হয় গত রোববার গোধূলিলগ্নে। রাতভর নানা আনুষ্ঠানিকতা শেষে বর বাড়ি ফেরেন গতকাল সকালে। বিয়েবাড়িতে গিয়ে দেখা যায়, বরের চেয়ে কনের বাড়িতে সাজসজ্জা তুলনামূলক বেশি। কলাগাছ আর বনফুল দিয়ে সাজানো কনেবাড়ির ফটক ও আঙিনা। ‘পাত্র’ ভাষায় বরকে ‘গাবুর’ এবং বর ও কনেকে একসঙ্গে ‘খেমার বউ’ বলে ডাকা হয়।বিয়ের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি সম্পাদন হয় বর যখন কনের বাড়িতে যায় এবং কনেকে নিয়ে ফেরে। তখন ব্যবহূত হয় ঐতিহ্যবাহী ‘চৌদোলা’। চৌকাঠ দিয়ে তৈরি অনেকটা পালকির মতো বহনযোগ্য ‘চৌদোলা’ যখন কনের বাড়ি রওনা করে, তখন বরের বাড়ির নারীরা উলুধ্বনি দিয়ে বিদায় জানায়। ঠিক একইভাবে বর ‘চৌদৌলা’ করে কনেকে নিয়ে ফেরার পথে উলুধ্বনি দিয়ে বর-কনেকে বরণ করা হয়।কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে বরের পাশ থেকে কনে দিবানী পাত্র লাজুক হেসে বলেন, ‘খুশি লাগছে...।’ পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) সভাপতি গৌরাঙ্গ পাত্র বলেন, ‘সিলেটে বসবাসরত আদিবাসীদের মধ্যে সংখ্যায় সবচেয়ে কম জনগোষ্ঠী হচ্ছে এই পাত্র সম্প্রদায়। বর্তমানে পাত্রদের সামাজিক আচার-অনুষ্ঠান অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।’