৩৪ বস্তা চাল জব্দ ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় শিবগঞ্জ উপজেলার দাড়িদহ বাজারের একটি গুদাম থেকে গত মঙ্গলবার খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া গতকাল বুধবার জিহাদ হোসেন সর্দার নামের এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাড়িদহ বাজারে মেসার্স সর্দার ট্রেডার্সের গুদাম থেকে ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। গুদামের মালিক জিহাদ হোসেন সর্দার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। মঙ্গলবার স্থানীয় প্রশাসনের কাছে খবর আসে ওই গুদাম থেকে বিপুল পরিমাণ ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রি করা হবে। বিকেলে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গুদাম থেকে ৩৪ বস্তা চাল জব্দ করেন। সেখানে ১০০টি খালি বস্তা দেখতে পান তিনি।
এ ঘটনায় কহিনূর ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত রাতে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। কহিনূর উপজেলার বাকশন গ্রামের মোকারম হোসেনের ছেলে। তিনি ডিলার জিহাদ হোসেনের সহযোগী বলে এলাকায় পরিচিত। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ডিলার জিহাদ হোসেন ওই এলাকায় ছিলেন না।
গতকাল বুধবার সর্দার ট্রেডার্সের মালিক ও ডিলার জিহাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘আমার নামে ডিলারশিপ থাকলেও আমি এসবের কিছুই জানি না। অন্য লোকজন এটা দেখাশোনা করে। আর ঘটনার সময় আমি এলাকাতেই ছিলাম না।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোহম্মদ আতিকুর রহমান বলেন, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা চালগুলো জব্দ করে আনা হয়েছে। গতকাল বুধবার উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভায় অভিযুক্ত ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করা হয়েছে। নতুনভাবে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুশান্ত কুমার মাহাতো বলেন, ১০ টাকা কেজি দরের চাল খোলাবাজারে কেনাবেচার কোনো সুযোগ নেই। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছে।